লন্ডনের পথে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ছবি: প্রথম আলো
হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন এবং তাঁর চোখ ও পায়ের চিকিৎসা করাবেন বলে দলের নেতারা বলেছেন।

খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। কিন্তু পুলিশ টার্মিনালে যেতে নেতা-কর্মীদের বাধা দেয়।
যুক্তরাজ্য সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা আখতার। এর আগে শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে যুক্তরাজ্য গেছেন।
২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে খালেদা জিয়া প্রায় দুই মাস ছিলেন। সেখানে তাঁর বড় ছেলে তারেক রহমান, স্ত্রী ডা. জোবাইদা রহমান, তারেকের মেয়ে জাইমা রহমান ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিআইপি লাউঞ্জে দলের চেয়ারপারসনকে বিদায় জানান। এ সময় টার্মিনালের বাইরে সড়কের পাশে দাঁড়িয়ে বিদায় জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, মীর নাসির, আবদুল মান্নান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কের খিলক্ষেতে হাজার হাজার নেতা-কর্মী একত্র হন। তাঁরা দলের নেত্রীকে হাত নেড়ে বিদায় জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, শিগগিরই চিকিৎসা শেষ করে তিনি (খালেদা জিয়া) দেশে ফিরে আসবেন। দেশে ফিরে তিনি নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন। এই রূপরেখা জনপ্রিয়তা করার জন্য, জনগণের কাছ থেকে সমর্থন আদায়ের জন্য আমাদের নেত্রী আসলে জনসংযোগমূলক কর্মসূচি দেবেন।’