লাইনে ঘণ্টা পার কিন্তু ভোট কয়েক সেকেন্ডে
বুঝলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে কষ্ট নেই। মাত্র কয়েক সেকেন্ডে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যায়। তবে বয়স্ক ব্যক্তিদের ভোট দিতে কিছুটা সমস্যায় হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ওয়াপদা কলোনীর পানি উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান শেষে নিজের অভিব্যক্তি তুলে ধরেন ব্যবসায়ী মুজিবুর রহমান।
আজ রোববার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বুথে ঢুকে ভোট দিতে লেগেছে মাত্র কয়েক সেকেন্ড, কোনো সমস্যা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শীতের কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজিমুদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৬৯ জন। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ১৮ শতাংশ ভোট পড়েছে।
ভোটাররা জানান, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে পুরুষ ও মহিলা মিলে মোট পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এই ওয়ার্ডে মোট সাতজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তাঁদের একজন নুর উদ্দিন মিয়া। তিনি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের ভাই।