
এক বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর গণজাগরণ মঞ্চের ‘স্লোগান-কন্যা’ খ্যাত লাকী আক্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্র ইউনিয়নের তিন দিনের সম্মেলন শেষে গতকাল বুধবার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে লাকী আক্তার সভাপতি, জি এম জিলানী সাধারণ সম্পাদক ও সুমন সেন গুপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হন আবু তারেক, লিটন নন্দী, জাহিদ ইসলাম, শাহীন হাওলাদার, তন্ময় ধর, মিথুন রায়, শিমুল কান্তি বৈষ্ণব ও শেখ সাদ নূর।
লাকী আক্তার ছাত্র ইউনিয়নের ৬৩ বছরের ইতিহাসে তৃতীয় নারী সভাপতি। এর আগে ষাটের দশকে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ২০০২ সালে লুনা নূর সভাপতি হিসেবে ছাত্র ইউনিয়নের দায়িত্ব পালন করেন। লাকী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সম্মান শেষ করেছেন। ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন।