নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত অযৌক্তিকভাবে লাগাতার হরতাল দিয়ে চলেছে। এর ফলে দেশের পরিবহন খাত ধ্বংসের মুখে পড়েছে। এতে যে ক্ষতি হয়েছে, খালেদা জিয়া আজীবন সরকার পরিচালনা করলেও সেই ক্ষতি পূরণ করতে পারবেন না।
নৌপরিবহনমন্ত্রী খালেদা জিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘হরতাল-অবরোধের ফলে দেশের পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত মালিক-শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। পরিবহন খাতে নাশকতা বন্ধ না করলে পরিবহন মালিক-শ্রমিক-জনতা আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে।’
গতকাল রোববার দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। নাশকতা রোধ ও সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদ যানবাহন চালানোর লক্ষ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক পরিবহন-মালিক-শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে তিনি সভা করেন।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে সভায় দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার, পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বক্তৃতা করেন।
সভায় অন্যান্যের মধ্যে দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগারওয়ালা, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহামুদও বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।