লাভ নেই জেনেই দীপনের বাবা বিচার চান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে সুশাসন, সুবিচার ও গণতন্ত্র নেই। নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা জানেন বিচার চেয়ে লাভ নেই। এই কারণে তিনি ছেলে হত্যার বিচার চান না।
গতকাল সোমবার নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে জেলা জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
জেলা জাপার আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সরকারকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, ‘কেমন করে সন্ত্রাসীদের এ সাহস হয়? কারণ, তারা জানে যে বিচার হবে না। দীপনের বাবা তাঁর ছেলে হত্যার বিচার চান না। কারণ, তিনি
জানেন বিচার চেয়ে লাভ নেই—বিচার হবে না। বিচারহীনতার কারণে দেশের মানুষ ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে।’
এরশাদ আরও বলেন, মানুষ আজ জাতীয় পার্টির মধ্যে আশার আলো দেখতে পেয়েছে। জাতীয় পার্টিই উপজেলা করেছে। এলজিইডি স্থাপন করে রাস্তাঘাটসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করেছে। উপজেলাকে শহরে পরিণত করেছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাপা নেতা জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, জি এম কাদের, সুনীল শুভ রায়, এস এম ফায়সল চিশতি, রেজাউল ইসলাম ভূঁইয়া, মনিরুজ্জামান, মজিবর রহমান প্রমুখ।