লাভের জন্য রাজনীতি করি না: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হারানোর পর এই বিষয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘লাভের জন্য আমি রাজনীতি করি না। আমার বাবাও বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেননি। বেঈমানি না করে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আমার শরীরেও সেই রক্ত।’ 

আজ শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ হোসেনপুর সমিতির এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফের নির্বাচনী এলাকার মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা রয়েছে।
নিজ নির্বাচনী এলাকার জনগণকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি মন্ত্রী হই বা না হই, রাজনীতি করি বা না করি, সব সময় হোসেনপুরের সঙ্গে আছি। যেখানেই থাকি হোসেনপুরের উন্নয়নে কাজ করব।’
ইফতারের প্রায় ১৫ মিনিট আগে বক্তব্য দেওয়ার জন্য মাইক হাতে নিলেও দুই মিনিট বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করতে চান। তখন উপস্থিত এলাকাবাসী বলতে থাকে ‘নেতা আরও বলেন’-তারপরও তিনি আর বক্তব্য বাড়াননি। এর আগে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোসেনপুর সমিতির নেতারা বক্তব্যে আশরাফের সততা ও নিষ্ঠা নিয়ে বক্তব্য দেন। অনেকে সৈয়দ আশরাফকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ায় ক্ষোভও প্রকাশ করেন।
নূরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক, আইডিবির সভাপতি উপদেষ্টা মো. আব্দুস ছাত্তার, সমিতির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবীর।