লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি পায়নি কোনো দল
চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই লালদীঘি মাঠে সমাবেশ করার অনুমতি পাইনি। তবে বিকল্প হিসেবে নগর আওয়ামী লীগ শহীদ মিনার প্রাঙ্গণে এবং বিএনপি কাজীর দেউড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে। দুই দল আজ মঙ্গলবার লালদীঘি মাঠে সমাবেশ করার আবেদন করেছিল। তবে পুলিশ কোনো দলকেই মাঠে সমাবেশ করতে দেয়নি।
রোববার দুই দলের পক্ষ থেকে পুলিশের কাছে লালদীঘি মাঠে সমাবেশ করার আবেদন জানানো হয়। তবে বিএনপি লালদীঘি মাঠের বিকল্প হিসেবে কাজীর দেউড়ি চত্বরে সমাবেশ করার অনুমতি চায় পুলিশের কাছে। অন্যদিকে নগর শ্রমিক লীগের পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার আবেদন জানানো হয়।
পুলিশ গতকাল দুপুরে শ্রমিক লীগকে শহীদ মিনারে এবং বিএনপিকে কাজীর দেউড়ি চত্বরের পরিবর্তে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, কিছু শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে শহীদ মিনারে এবং বিএনপিকে কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। দুই দলকে বেলা তিনটা থেকে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করাসহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। লাঠি বহন না করা, রোড ডিভাইডার না সরানো এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার শর্তও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা লালদীঘি মাঠ ও কাজীর দেউড়ি চত্বরে অনুমতি চেয়েছিলাম। কাজীর দেউড়িতে অনুমতি দেওয়া হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সমাবেশ করব। সমাবেশ সফল করতে একটি প্রস্তুতি সভাও হয়েছে।’
অন্যদিকে নগর আওয়ামী লীগ শহীদ মিনারে সমাবেশ করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল নিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়।
জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা শহীদ মিনারে সমাবেশ করব। সরকারের দুই বছর এবং গণতন্ত্র রক্ষা দিবস পালন করব। সমাবেশে প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীদের যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।’