লালদীঘির মিটিংয়ে গুলি করেছিলেন নাছির, অভিযোগ মহিউদ্দিনের
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার রাখি বলেই লালদীঘি মাঠে সভা করেছি। আমি মহানগর আওয়ামী লীগের সভাপতি। এটা গ্রুপিং নয়, দ্বিধাদ্বন্দ্বও নয়। সাধারণ সম্পাদক (মেয়র আ জ ম নাছির উদ্দীন) যদি অপরাধ করে থাকেন, আমার দায়িত্ব তাঁকে সংশোধন করা।’
আজ মঙ্গলবার দুপুরে জিইসি মোড়ের মহিউদ্দিন চৌধুরীর নিজ কার্যালয়ে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে মহিউদ্দিন চৌধুরী গতকাল সোমবার বিকেলে লালদীঘি মাঠে সমাবেশ করার ব্যাখ্যা এবং মেয়র নাছিরের প্রতিক্রিয়ার জবাব দেন। তিনি অভিযোগ করেন, ‘মেয়র নাছির কমপক্ষে ছাত্রলীগের ১২ ছেলেকে খুন করেছেন। তাঁর (নাছির) ইন্ধনে খুন হয়েছে। অনেক আগে লালদীঘি মাঠে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে তিনি গুলি করেছিলেন।’
আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের সমালোচনা করে সংবাদ ব্রিফিংয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা বিজয় মেলার মাঠ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। বিজয় মেলা না হওয়ার জন্য অনেক চক্রান্ত অনেকে করেছে। তার মধ্যে তিনি (মেয়র) একজন। এটা তার জেলাসি (বিদ্বেষ)। কেউ যদি মনে করে, আমি ওপরে উঠে গেলাম। মানুষ আমাকে ভয় পায়—এটা ঠিক নয়। স্টেডিয়ামে সুইমিংপুল না করতে ১৫ দিন সময় দিলাম। এটা তাঁর পৈতৃক ভিটামাটি নয়। বিজয় মেলার প্রতি তাঁর আক্রোশ কেন? তিনি জামায়াতের অসংখ্য লোককে বিভিন্ন পদ দিয়েছেন। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে তাঁর আঁতাত আছে। তিনি ইজ্জত রাখতে জানেন না। ব্যবসাকেন্দ্রে ঝগড়া হলে তিনি হাজির হন। একটা পারসেন্টেজ নেন।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশে ট্যাক্স দেওয়া খুব কঠিন। নগর পরিষ্কার তো কিছুই হয়নি। টাকা দিচ্ছি, কিন্তু শহর পরিষ্কার করবে না কী কারণে? সরকারি খাত তথা রেল, বন্দরসহ বিভিন্ন সংস্থা থেকে ৩০০ কোটি টাকা ট্যাক্স আসে। এই টাকা নিলে গরিবের ওপর জুলুম করার দরকার হবে না। তাঁকে (মেয়র নাছির) বলেছি আমার সঙ্গে কথা বলতে। সে কথা বলার তোয়াক্কাই করে না। সে মনে করে, নির্বাচিত হয়েছে। নির্বাচন কীভাবে হয়েছে তা তো জানেন। আমাকে বলতে হবে না। এরপরও দাম্ভিকতা-অহমিকা কী কারণে থাকবে? সে ছোট ভাই। সে যখন দাম্ভিকতা দেখায়, স্বাভাবিকভাবে তা দলের ওপর পড়ে। সাধারণ সম্পাদক অন্যায় বা ভুল করে থাকলে তা দলের ওপর বর্তাবে।’
মেয়র নাছির উদ্দীন তাঁর বিরুদ্ধে ১২ খুনের প্রমাণ মহিউদ্দিনকে হাজির করতে বললে জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যখন প্রয়োজন হয়, তথ্য-প্রমাণ দেব। তিনি কমপক্ষে ছাত্রলীগের ১২ ছেলেকে খুন করেছেন। তাঁর (নাছির) ইন্ধনে খুন হয়েছে। তিনি ক্ষমতায় আছেন বলে সেই মামলাগুলো তুলে ধরা হচ্ছে না। খুন করে কি রাজনীতি করা যায়? তিনি মামলার আসামি ছিলেন। অনেক আগে লালদীঘি মাঠে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে তিনি গুলি করেছিলেন। গুলিতে আহত ব্যক্তি মামলাও করেছিলেন। মামলাটি ট্রায়ালে (বিচার) গিয়েছিল। তিনি দাগি আসামি। প্রমাণ তো এই একটা আছেই।’
সোমবার লালদীঘি মাঠে বিএনপির লোকজনের উপস্থিতি নিয়ে মেয়র নাছির প্রশ্ন তুললে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি দলীয় ব্যানারে সমাবেশ ডাকিনি। পূর্বের হোল্ডিং ট্যাক্স বহাল রাখার দাবিতে ডেকেছি। সেখানে বাড়ি-ঘরের মালিকেরা গেছেন। মঞ্চে যাঁরা উঠেছেন, তাঁরা কেউ বক্তা নন। কেউ বক্তব্য দিতে পারেননি।’