লালন শাহ সেতুতে টোল শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি
পদ্মা নদীর ওপর স্থাপিত লালন শাহ সেতুর টোল আদায়কারী (জিএসআইসি সেল) কোম্পানির শ্রমিক-কর্মচারীরা গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
তিন শ্রমিক-কর্মচারীর বদলির আদেশ বাতিল ও বেতন বাড়ানোসহ কয়েক দফা দাবিতে পাবনার ঈশ্বরদীর পাকশী টোল আদায় কার্যালয়ের শ্রমিক-কর্মচারীরা এ আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীরা জানান, স্থানীয় কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরেই তাঁরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এরই মধ্যে হঠাৎ করে কোম্পানির স্থানীয় ইনচার্জ স্বপন কুমার দাশ পাকশীর তিন শ্রমিক-কর্মচারীকে অন্যত্র বদলি করেন। বদলি করা ওই তিন কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। গতকাল সকালে বদলির খবর জানাজানি হলে পাকশী প্রান্তে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা ওই তিনজনের বদলির আদেশ বাতিল ও বেতন না বাড়ানো পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
টোলশ্রমিক বাবলু ঘোষ বলেন, বেতন বাড়ানোর আন্দোলনে চিড় ধরাতে পরিকল্পিতভাবেই তাঁদের নেতাদের বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মচারী মাসউদুর রহমান বিশ্বাস বলেন, কোম্পানির শ্রমিক-কর্মচারীদের কম বেতন দেওয়া হচ্ছে। তাঁরা বেতন বাড়ানোর আন্দোলন করায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের পাকশী থেকে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে সড়ক উপবিভাগ-২-এর প্রকৌশলী জহরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি জানার পর তিনি সেতুর টোল আদায় চালু রাখতে জরুরি ব্যবস্থা নিয়েছেন। ঘটনা তদন্তে এক কর্মকর্তাকে পাকশী পাঠানো হয়েছে।