লালপুরে চার ইউপিতে বিএনপির ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপি নির্বাচন বর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।
নির্বাচন চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সংঘর্ষের সময় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দুটি মোটরসাইকেলসহ আটটি বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। ব্যালট পেপার কেড়ে নিয়ে অন্যের ভোট দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের সমর্থক দুই পোলিং এজেন্টকে হাতেনাতে আটক করেন। তিনটি ইউনিয়নের কোনো কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট দেখা যায়নি।
বেলা তিনটায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের বাসায় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি অভিযোগ করেন, সকাল আটটা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লালপুর, ঈশ্বরদী, আড়বাব ও দুড়দুড়িয়া ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নেন। তাঁরা ভোটারদের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে এসব ঘটনা ঘটলেও তাঁরা কোনো প্রতিরোধ করেননি।
এর পরপরই উপজেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আফতাব হোসেন বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তারা আসলে নির্বাচনের মাঠেই ছিল না।’
এদিকে দুপুর ১২টার দিকে লালপুর ইউনিয়নের বাকনাই এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে সদস্য প্রার্থী আবদুল হান্নান ও ইউসুফ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবু রায়হান, শামসুল ইসলাম, তৌহিদ হাসান, আবদুল মালেক, আমির হালসানা, মাসুম হোসেন, রকি উদ্দিন, সুমন আলী, আরজুল ইসলাম, জুয়েল রানা, আজিজুল ইসলাম, জামাত আলী, রুস্তম আলী ও মাখন হালসানা আহত হন। এ সময় ইউসুফের লোকজন আজিজুল ইসলাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, বয়াত সর্দার, আবদুল হান্নান, আবদুল আজিজ, আবদুল কুদ্দুস ও আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হালিম ও আশরাফ আলীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সকাল নয়টায় আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থকেরা ধানের শীষের সমর্থক বিপ্লব হোসেন (৩৭), তাঁর ভাই ভুলু, রেন্টু ও বোন মিতা খাতুনকে হাঁসুয়া দিয়ে কোপান। পরে রাজশাহীর সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব হোসেন মারা যান।
বেলা দুইটার দিকে লালপুর ইউনিয়নের চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পান্নু শেখ, ফিরোজ শেখ, নাজির শেখ, সোহেল রানা, মতলেব আলী ও আমিরুল ইসলাম গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী সহিংসতায় আরও সাতজন আহত হয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
বড়বড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্য ভোটারের ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন নৌকার পোলিং এজেন্ট আবু বক্কর ও মকবুল হোসেনকে আটক করেন। ওয়ালিয়া কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে ইউসুফ আলী নামের একজনকে আটক করা হয়।
এদিকে লালপুরের ইউপি ভবন কেন্দ্র, লালপুর কলেজ কেন্দ্র, শ্রীসুন্দরী পাইলট হাইস্কুল কেন্দ্র, ওয়ালিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র, ধুপইল উচ্চবিদ্যালয় কেন্দ্র, বড়বড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও বাকনাই এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, কোনো কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন না। ধানের শীষের সমর্থকেরা অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের সমর্থকদের ভোট দিতে দেননি। লালপুর ইউপি ভবন কেন্দ্রে স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী লতিফা বেগম অভিযোগ করেন, তাঁর ভোট আগেই কে বা কারা দিয়ে দিয়েছে।