লালমনিরহাট চেম্বারের নতুন পর্ষদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা শপথ নেন।

 দুপুরে শহরের পুরান বাজারে চেম্বার ভবনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক এবং চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বারের বিদায়ী সভাপতি শেখ আবদুল হামিদ।

বিদায়ী সভাপতি তাঁর বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেন, তিনি চেম্বারের সভাপতির দায়িত্ব পালনের সময় লালমনিরহাট তথা বৃহত্তর রংপুর অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছেন। জেলার পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু, পরিত্যক্ত মোগলহাট রেলস্টেশন এলাকায় প্রস্তাবিত শুল্ক ও স্থলবন্দর কার্যকরকরাসহ বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

পরে লালমনিরহাট চেম্বারের ২০১৭-১৮ মেয়াদের জন্য নির্বাচিত পরিচালনা পর্ষদের ১৮ জন সদস্য শপথ গ্রহণ করেন।