লালমনিরহাট পৌরসভায় নারী ভোটার বেড়েছে চার গুণের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভায় গত পাঁচ বছরে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেড়েছে চার গুণের বেশি। ২০১০ সালের তুলনায় এবার পুরুষ ভোটার বেড়েছে ৫২২ আর নারী ভোটার বেড়েছে ৪ হাজার ৪৩০ জন। ২০১০ সালে পৌরসভার মোট ভোটার ছিল ৩৭ হাজার ১৩০ জন। ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৮২ জন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটার বেড়েছে ৪ হাজার ৯৫২ জন। ২০১০ সালের পৌর নির্বাচনে পুরুষ ভোটার ছিল ২০ হাজার ৪২৩ আর নারী ১৬ হাজার ৭০৭ জন। এবারের নির্বাচনে পুরুষ ভোটার ২০ হাজার ৯৪৫ আর নারী ২১ হাজার ১৩৭ জন।
লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ইয়াসমিন জান্নাত আরা বলেন, ‘আমি লালমনিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন ভোটার। যাঁকে নারী শিশু নির্যাতনবিরোধী, সৎ ও সাহসী মনে হবে তাঁকেই মেয়র পদে ভোট দেব।’
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, ১৮-২৫ বছর বয়সের পুরুষেরা লেখাপড়া, চাকরি বা ব্যবসার জন্য এলাকার বাইরে বেশি থাকেন। নারীদের ক্ষেত্রে ঘটে উল্টো। ফলে ভোটার তালিকার সময় বেশির ভাগ সময় পুরুষ ভোটারদের পাওয়া যায় না। তাই নারী ভোটার বেড়েছে বলে মনে করেন তিনি।