লালমনিরহাটে বিএনপি-জাপা পাল্টাপাল্টি দলবদল
লালমনিরহাটে সাবেক দুই মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপি থেকে জাতীয় পার্টি (জাপা) আর জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানের মাধ্যমে দলবদল করেছেন দুই দলের দেড় শতাধিক নেতা-কর্মী। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ফুটবল মাঠে আয়োজিত জনসভা ও গত বুধবার লালমনিরহাট রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ দল বদলাবদলি হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোগলহাট ফুটবল মাঠে ইউনিয়ন জাপা এক জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের। তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে মোগলহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মেহের আলীর (৪০) নেতৃত্বে বিএনপির ৬৫ জন নেতা-কর্মী জাপায় যোগদান করেন। আর এর আগেই গত বুধবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। এ দলটির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা জাপার সহসভাপতি গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার রাতে মোগলহাট ফুটবল মাঠের জনসভায় সভাপতিত্ব করেন মোগলহাট ইউনিয়ন জাপার আহ্বায়ক পল্লিচিকিৎসক আয়নাল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সহসভাপতি এম জি মোস্তফা।
অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা জাপার সভাপতি জি এম কাদের বলেন, ‘এ জনসভা নির্বাচনী জনসভা নয়। তারপরেও বক্তারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন, আমি যেন ভোট করি। কারণ হচ্ছে, আমি এই আসন থেকে তিনবার নির্বাচন করে দুবার বিজয়ী হয়েছি। একবার মন্ত্রী হয়েছি। আমি আমার মন্ত্রিত্বকালে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, সে সময় মন্ত্রীদের মধ্যে যাঁদের সম্পদ বাড়েনি, তাঁদের মধ্যে আমিও ছিলাম।’
এর আগে বুধবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এ সময় সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। এ দলটির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা জাপার সহসভাপতি গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুল হাবিব বলেন, ‘আমি মন্ত্রী থাকার সময় লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়নে সাধ্যমতো কাজ করেছি। বর্তমানে অনেক হুমকি-ধমকি, হামলা-মামলা মোকাবিলা করে দলের নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক নেতা–কর্মী–সমর্থক বিএনপিতে যোগদান করায় প্রমাণিত হচ্ছে, বিএনপির মাঝে জেগে ওঠার সম্ভাবনা আছে। আগামী দিনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় যাবে বলে তিনি মত প্রকাশ করেন।