লালমোহনে বিএনপির পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলা বিএনপির পাল্টা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে করে উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিচল হক মিয়া ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান ওরফে টিটব মিয়া পক্ষ।
এতে আনিচল হককে সভাপতি, আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইউসুফকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে সভাপতি, লালমোহন সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাই হাওলাদারকে সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবদুর রহিম হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় লালমোহন শহরের হাইস্কুল মার্কেটে বিএনপির এই পক্ষের (আনিচল ও আক্তারুজ্জামান) নিজস্ব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। এ সময় নবগঠিত কমিটির নেতারা ছাড়াও লর্ডহার্ডিঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. কামাল হোসেন, চরভুতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম, রমাগঞ্জ ইউপি সদস্য তোফায়েল আহম্মদসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাবেক সাংসদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ জেলা বিএনপির কার্যালয়ে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করেন। ওই কমিটিতে পৌরসভার সাবেক চেয়ারম্যান এনায়েত কবির পাটোয়ারীকে সভাপতি ও হাফিজ উদ্দিনের চাচাতো ভাই আবদুল কাদের ওরফে মার্শাল হিমুকে সাধারণ সম্পাদক করা হয়।
আনিচল হক মিয়া বলেন, হাফিজ উদ্দিন চার বছর আগে মার্শাল হিমুকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করে ও বিভিন্ন পদে আত্মীয়স্বজন বসিয়ে পকেট কমিটি গঠন করেন। সেই কমিটির মেয়াদ ২০১৪ সালে শেষ হয়। এরপর গত ২৬ অক্টোবর হাফিজ উদ্দিন নিজের ইচ্ছেমতো উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করেন। আক্তারুজ্জামান বলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাজাহানের নির্দেশে ইউনিয়ন নেতা-কর্মীদের মৌখিক ভোটে তাঁরা উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করেছেন।
এ ব্যাপারে কথা বলতে হাফিজ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, হাফিজ উদ্দিন সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করেছেন। আনিচল-আক্তারুজ্জামান পক্ষ যে কমিটি গঠন করেছে, সেটি আসলে আওয়ামী লীগের বি দল।