চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় দলের বিভেদ নিয়ে তৃণমূলের নেতাদের কথা বলতে নিষেধ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রের নির্দেশে তাঁদের আগেভাগে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের কাছে লিখিত বক্তব্য জমা দিয়েছেন তৃণমূলের ২০ নেতা। আগামীকাল শনিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা হবে।
গত মঙ্গলবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তৃণমূলের নেতাদের এই নির্দেশ দেওয়া হয়। দারুল ফজল মার্কেটে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বক্তৃতা করেন।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আ জ ম নাছির উদ্দীনের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। দুই শীর্ষ নেতার মধ্যে দূরত্ব কমিয়ে আনতে কেন্দ্রের নেতারা চেষ্টা করে যাচ্ছেন। দুই নেতার মধ্যে দূরত্ব কিছুটা কমেছেও। প্রতিনিধি সভায় দ্বন্দ্ব-বিভেদ নিয়ে বক্তব্যের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রথম আলোকে বলেন, কেন্দ্র চাইছে সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা হোক।
এ বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার নির্দেশ দেওয়ার পর গতকাল বিকেল পর্যন্ত ২০ জন লিখিত বক্তৃতার কপি জমা দিয়েছেন। তাঁদের বক্তব্য যাচাই করা হচ্ছে। লিখিত বক্তব্য জমা দেওয়া ছাড়া কেউ মঞ্চে কথা বলার সুযোগ পাবেন না।
দলীয় সূত্র জানায়, সভায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাইরে কোনো ব্যক্তির নামেও স্লোগান দেওয়া যাবে না।