লিটনের আসনে প্রার্থী হচ্ছেন না কাদের, বাড়িতে পুলিশ আছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাসায় টানা দুই দিন পুলিশ-গোয়েন্দাদের পাহারায় থাকা জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছিলেন।

গত বৃহস্পতিবার থেকে পুলিশ ও গোয়েন্দারা বগুড়া শহরের রহমাননগরের বাড়িতে এখনো আছে। সেখানে বসেই আজ শনিবার বিকেলে প্রথম আলোর কাছে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

কাদের খান বলেন, ‘উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু জাতীয় পার্টির কেন্দ্র থেকে “সিগন্যাল” পেয়েই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। ইতিমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলাম। তবে এখন পরিবর্তিত পরিবেশ-পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা দাখিল করছি না।’

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত হয়েছিলেন জাপার এই নেতা।
সরকার, প্রশাসন বা দলীয় কোনো চাপের মুখে উপনির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না, জানতে চাইলে বলেন, ‘নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য কারও পক্ষ থেকেই কোনো ধরনের চাপ নেই। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণেই প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত বৃহস্পতিবার রাত থেকে বগুড়া শহরের রহমাননগরে কর্নেল খানের মালিকানাধীন ‘গরীবশাহ ক্লিনিক’ ঘিরে রেখেছেন পোশাকাধারী ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। চারতলা ভবনের তিনতলা পর্যন্ত ক্লিনিক। আর ওপরতলায় চিকিৎসক স্ত্রী নাছিমা আকতারকে নিয়ে থাকেন আবদুল কাদের খান। বৃহস্পতিবার তাঁর গাড়িচালক আবদুল হান্নান, সুন্দরগঞ্জের তাঁর বাসার তত্ত্বাবধায়ক শামিম হোসেনসহ দুজন কর্মীকেও আটক করে গাইবান্ধা পুলিশ। জব্দ করা হয় কাদের খানের মুঠোফোনটি।

এভাবে পুলিশ দিয়ে বাসা ঘিরে রেখে তাঁকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নে কাদেরের বক্তব্য, পুলিশ এখনো বাসার ড্রয়িং রুমে বসে আছে। বৃহস্পতিবার রাত থেকে পুলিশ বাসার ভেতরে-বাইরে অবস্থান নিলেও নির্বাচনে প্রার্থী না হওয়ার ব্যাপারে কোনো কথা বলেনি। তারা (পুলিশ) তো নিরাপত্তার জন্যই এভাবে বাসায় অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ‘পুলিশ এ-ও বলেছে, শুধু আমার বাসাতেই পুলিশ মোতায়েন করা হয়নি, সুন্দরগঞ্জ উপনির্বাচনে মনোনয়ন উত্তোলনকারী সবারই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবার বাসাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন পর্যন্ত পুলিশ এভাবে থাকবে।’

নিরাপত্তার প্রয়োজনে বাসায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হলেও কাদের খানের গাড়িচালক হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শামিম ও দলীয় দুজন কর্মীকে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘পুলিশই ভালো বলতে পারবে। তবে যাদের আটক করা হয়েছে, শনিবার পর্যন্ত তাদের ছাড়া হয়নি। ছাড়লে তাঁরা আমার বাসায় আসত এবং যোগাযোগও করত।’

কাদের খানের বাড়িতে পুলিশের পাহারার বিষয়ে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আবদুল কাদের খানের বাড়িতে যেসব পুলিশ আছে, তারা গাইবান্ধার। সেখানে বগুড়ার পুলিশ নেই। সেখানে পুলিশের উপস্থিতির বিষয়ে গাইবান্ধার পুলিশই ভালো বলতে পারবে।

আজ শনিবার সন্ধ্যায় গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুল কাদের খানের ওপর হামলার আশঙ্কা থাকায় তাঁর নিরাপত্তার স্বার্থে পুলিশ পাহারা দেওয়া হয়েছে। কাদের খানের গাড়িচালকসহ চারজনকে আটক প্রসঙ্গে তিনি বলেন, এমন কেউ আটক নেই।

৩১ ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম (লিটন)। এ আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলে আবদুল কাদের খান জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।