দিনাজপুরে গতকাল সোমবার জাসদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। দিনাজপুর নাট্য সমিতি হলরুমে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধান।
সম্মেলনে লিয়াকত আলীকে সভাপতি, মো. শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হারুন উর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
জেলা জাসদ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি মো. ইমামুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাংগা, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এমরান আল আমিন ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
সম্মেলনে সাংসদ নাজমুল হক প্রধান বলেন, জাসদ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাসহ দেশের সমস্ত মৌলবাদ ও দুর্নীতির আগাছা নির্মূল করে দেশকে ফুলের বাগান করতে চায়। জাসদ সেই ফুলের বাগানের মালির ভূমিকার কাজ করছে।