লুকিয়ে আদালত ছাড়লেন মির্জা আব্বাস

গাড়ি পোড়ানোর দুই মামলায় আগাম জামিন না পেয়ে অনেকটা লুকিয়েই আদালত চত্বর ছাড়লেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস। এ ছাড়া নির্বাচনী প্রচার শুরুর এক সপ্তাহ পার হওয়ার পর গতকাল বুধবারই প্রথম ঢাকাবাসীর কাছে ভোট চেয়েছেন তিনি। তবে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বসে, সাংবাদিকদের মাধ্যমে।
এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অন্তর্বর্তী বা আগাম জামিনের বিষয়ে গতকাল বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। তাঁকে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক। আর দ্বিতীয় বিচারক জামিন আবেদন খারিজ করে তাঁকে অবিলম্বে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
গতকাল বুধবার জামিন আবেদনের আদেশের দিন ধার্য থাকায় সকালেই আদালতে যান মির্জা আব্বাস। আদালত বলেছিলেন, আদেশের আগ পর্যন্ত তাঁকে ওই দুই মামলায় গ্রেপ্তার করা যাবে না। বিকেলে বিভক্ত আদেশের পর আদালতকক্ষ থেকে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে যান। গত ৭ এপ্রিল নির্বাচনী প্রচার শুরুর পর সেখানেই প্রথম ভোট চান তিনি। উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি পলাতক। এর থেকে আমি সন্দেহ করছি, তারা (সরকার) আমাকে হয়রানি করতে পারে। প্রিয় ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, আমি যদি সরাসরি আপনাদের কাছে আসতে পারি তো ভালো। আর যদি না পারি, তবে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঢাকাবাসী আমাকে মগ মার্কায় ভোট দেবেন আশা করি।’
ভোটে জালিয়াতির আশঙ্কা করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমি মনে করি, তারা পোলিং সেন্টারের ভেতর সিল মারার চেষ্টা করবে, বিজয় ছিনিয়ে নেবার চেষ্টা করবে।’ তিনি আশা করেন, এর আগে ঢাকার মেয়র হিসেবে তাঁর দায়িত্ব পালনের কথা মনে রেখে ঢাকাবাসী তাঁকে মূল্যায়ন করবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সমিতির সভাপতির কক্ষেই ছিলেন মির্জা আব্বাস। সন্ধ্যা সাড়ে ছয়টার পর অন্ধকার হয়ে এলে তিনি বাথরুমে যাওয়ার নাম করে ওই কক্ষ থেকে বের হন। এরপর চুপিসারে সিঁড়ি দিয়ে নেমে একটি কালো গাড়িতে উঠে চলে যান। তাঁর কয়েকজন সহযোগী তাঁকে লুকিয়ে চলে যেতে সহযোগিতা করেন।
গত সোমবার জামিন শুনানি শুরুর আগেও অনেকটা চুপিসারে আদালতে যান মির্জা আব্বাস।
যদিও মির্জা আব্বাসের আইনজীবীরা বলছেন, তাঁর জামিনের বিষয়টি এখন প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সেখানে নিষ্পত্তির আগ পর্যন্ত মির্জা আব্বাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, যেহেতু দুই বিচারপতি রায় দিয়েছেন ও তাঁরা মতৈক্যে পৌঁছাতে পারেননি, সেহেতু মির্জা আব্বাস আগে যে অবস্থায় ছিলেন সে অবস্থায় চলে যাবেন। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাঁকে গ্রেপ্তারে বাধা নেই।
আদেশ: বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল দুই মামলায় মির্জা আব্বাসের জামিনের বিষয়ে এ বিভক্ত আদেশ দেন।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী আদেশে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগকে সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। বলা হয়েছে, বিশেষ পরিস্থিতি বিরাজ করলে কাউকে আগাম জামিন দেওয়া যাবে। মির্জা আব্বাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী এবং ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না। এ বিশেষ পরিস্থিতি বিবেচনায় তাঁর তিন সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হলো।
দ্বিমত পোষণ করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর আদেশে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে পল্টন ও মতিঝিল থানার মামলা দুটি করা হয়েছিল। এর সঙ্গে তাঁকে নির্বাচন করতে না দেওয়ার কোনো যোগসূত্র নেই। পল্টন থানার মামলার ৪৩ আসামির প্রত্যেকের মেয়র পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, এটাও বলা যাবে না। যে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়, এ মামলায় সে পরিস্থিতি নেই। মামলা হওয়ার পর মির্জা আব্বাস কোনো আইনি ব্যবস্থা নেননি, বরং নিয়মিত আইনি প্রক্রিয়া এড়িয়েছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার আগমুহূর্তে জামিন নিতে এসেছেন। এ জন্য তাঁর জামিনের আবেদন খারিজ করা হলো এবং অবিলম্বে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো।
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দুটি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এ দুটিসহ গত বছরের ৬ মার্চ শাহবাগ থানায় দুদকের করা একটি মামলায় ১২ এপ্রিল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। ১৩ এপ্রিল পল্টন ও মতিঝিল থানার মামলায় করা আবেদনের শুনানি হয়, দুদকের মামলায় করা আবেদন শুনানির জন্য নির্ধারিত বেঞ্চে যেতে বলেন আদালত। ওই দিন আদালত বলেছিলেন, ১৫ এপ্রিল (গতকাল) আদেশের আগ পর্যন্ত মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা যাবে না, তিনি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। গতকাল কিছুক্ষণ শুনানির পর আদেশ দেন আদালত। মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন এম মাহবুবউদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। শুনানি ও আদেশের সময় আদালতকক্ষে মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পরে প্রথম আলোকে বলেন, তৃতীয় বেঞ্চে জামিনের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারবে না। কারণ, এক বিচারপতি তাঁকে জামিন দিয়েছেন, অন্যজন খারিজ করেছেন। এখন তিনি আদালতের হেফাজতে আছেন।
তবে অ্যাটর্নি জেনারেলের মতে, আইনের দৃষ্টিতে মির্জা আব্বাস ‘পলাতক’। গতকাল আদেশের পর তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘জামিনের বিষয়ে দুজন বিচারপতি দুই রকম রায় দিয়েছেন। এখন তৃতীয় বিচারপতির সিদ্ধান্তই হবে চূড়ান্ত। আর যেহেতু দুই বিচারপতি জামিনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি, তাই তাঁকে গ্রেপ্তার বা নির্বাচনী প্রচার-সংক্রান্ত এই আদালতের আগের আদেশও আর বলবৎ থাকবে না বলে আমি মনে করি।’
তাহলে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা যাবে কি না, এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, দুদকের মামলায় তাঁকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করতে পারবে।
মির্জা আব্বাসের আরেক আইনজীবী এহসানুর রহমান জানান, দুদকের মামলায় জামিন আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিতে গতকালই প্রধান বিচারপতির কাছে আবেদন জমা দিয়েছেন তাঁরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ৪০টি মামলা রয়েছে। ৭ এপ্রিল নির্বাচনী প্রচার শুরু হলেও এই মেয়র পদপ্রার্থী এখনো সরাসরি কোনো প্রচারে অংশ নেননি। তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস।