লুটপাটের সাজা না হওয়ায় রিজার্ভ চুরি: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংকে লুটপাটের পরও সরকার কাউকে সাজা না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা ঘটেছে বলে মনে করে বিএনপি। দলটির দাবি, এর সঙ্গে রাঘববোয়ালরা জড়িত। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস চলছিল।

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বেসিক ব্যাংক, হল-মার্ক, বিসমিল্লা গ্রুপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও পুঁজিবাজারের অর্থ লুণ্ঠনের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান না থাকায় কেন্দ্রীয় ব্যাংকও লুণ্ঠনের শিকার হয়েছে। তিনি চুরি যাওয়া অর্থ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

রিজভী বলেন, ‘শুধুমাত্র অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগেই বাংলাদেশের পরিত্রাণ মিলবে না। এদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমেই দেশ, মানুষ ও গণতন্ত্রের মুক্তি নিশ্চিত হবে।’ তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, কুষ্টিয়া ও নোয়াখালী জেলায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীদের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হচ্ছে।

রিজভী দাবি করেন, ৬ মার্চ সকাল ১০টার দিকে ১০-১২ জনের একদল সাদা পোশাকধারী ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে খিলক্ষেতের বাসা থেকে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানকে মাইক্রোবাসে করে ধরে নিয়ে যান। এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর অভিযোগ, কয়েকটি মোবাইল নম্বর ও ফেসবুকের মাধ্যমে তাঁর নামে দেশে-বিদেশে বিভিন্ন মানুষের কাছে বিএনপির কাউন্সিলের নামে চাঁদা তোলা হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। এদের ধরে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ বলেন, অর্থমন্ত্রীর কিছু করার ক্ষমতা নেই। এ কারণেই ৮০০ কোটি টাকা চুরির ঘটনা তাঁকে জানানো হয়নি। ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় হাফিজ বলেন, ‘কী ধরনের রাষ্ট্র যেখানে দুই মাস আগে ৮০০ কোটি টাকা লুট হলো, অথচ অর্থমন্ত্রী জানেন না। অর্থমন্ত্রীকে খবরও দেওয়া হয়নি। এর কারণ যাঁরা চুরি করেছেন তাঁরা জানেন অর্থমন্ত্রীর কোনো ক্ষমতা নাই। তিনি কিছু করতে পারেন না।’