লুটের টাকা তোলার জন্য জনগণের পকেট কাটা হচ্ছে: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলের দাম বাড়ার প্রতিবাদে সিপিবি আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে
ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের দাম বাড়ানোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, লুটের টাকা তোলার জন্য ভোজ্যতেলের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। আজ শনিবার রাজধানীর পল্টন মোড়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রতিবাদে এক সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতারা এসব মন্তব্য করেন।

সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জনগণের সরকার হলে দাম বাড়ানোর আগে সাধারণ মানুষের মতামত নিত। এটা না করে ঈদের ছুটি শেষ হওয়ার প্রথম দিনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। এতে প্রমাণ হয় এই সরকার জনগণের না, সিন্ডিকেট ব্যবসায়ীদের সরকার।

বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল উল্লেখ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই সরকার ওই পথ থেকে সরে লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। এই লুটেরারা দেশের সম্পদ বিদেশে পাচার করে। ওই লুটের টাকা তোলার জন্য জনগণের পকেট কাটা হচ্ছে।

এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশ এবং সরকার লুটেরা ব্যবসায়ীদের হাতে বন্দী। সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশ চালাচ্ছে। বর্তমান সরকার এদের রক্ষক, পাহারাদার। তাই তো ঈদের সময় মানুষকে জিম্মি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বাড়াল। এই সরকার সিন্ডিকেট মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরই পুরস্কৃত করল।

সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য এ এন রাশেদা, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, আইনজীবী আনোয়ার হোসেন রেজা, লাকী আক্তার প্রমুখ।