সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি বড় দল। তাদের কাউন্সিল হলো, কিন্তু কমিটি হলো না। দলটির কাউন্সিল হয় দেশে, নেতৃত্ব আসে বিদেশ থেকে। এতে কর্মীরা হতাশ হয়। বিএনপির লেজেগোবরে অবস্থা। নির্বাচনে তাদের ভরাডুবি তো হবেই।
গতকাল শুক্রবার মানিকগঞ্জে সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, প্রথম দফা ইউপি নির্বাচনে অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে। এগুলো তদন্ত হচ্ছে। দোষী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। দিনের বেলা নির্বাচন সুষ্ঠু হচ্ছিল। কিন্তু সন্ধ্যার পর মঠবাড়িয়ার ঘটনা এই সফলতা ম্লান করে দিয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে।
দলীয় প্রতীকে ইউপি নির্বাচন নতুন অভিজ্ঞতা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্দলীয় নির্বাচনেও সহিংসতার ঘটনা ঘটে। এই নির্বাচনে যতটুকু খারাপ, তা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে নির্বাচনগুলো আরও সুষ্ঠু ও সুন্দর করার চেষ্টা করা হবে। নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ তিনি বলেন, ‘আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি। এটি বড় দলও। কিন্তু নেতিবাচক রাজনীতির কারণে তৃণমূলে তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে।’