লেভেল প্লেয়িং ফিল্ড নেই, অভিযোগ কুলাউড়া পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দীন আহমদ। গতকাল শুক্রবার কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।
১৬ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হবে। নির্বাচনে কামাল উদ্দীন আহমদ ছাড়াও আওয়ামী লীগের সিপার উদ্দিন আহমদ এবং দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ও শাজান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভায় কামাল উদ্দীন আহমদ অভিযোগ করেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। কয়েকটি স্থানে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ২০১৫ সালের নির্বাচনে একটি কেন্দ্রে কারসাজি করে আমাকে পরাজিত করা হয়।
ওই কেন্দ্রে ফলাফল বিলম্বে ঘোষণা করা হয়। এবারও এ ধরনের ঘটতে পারে। তাই পৌরসভার নয়টি কেন্দ্রের সব কটিকে ঝুঁকিপূর্ণ মনে করছি। এসব বিষয় মৌখিকভাবে প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছি।’ তিনি আরও বলেন, এবার তাঁর কোনো নির্বাচনী কার্যালয় নেই। বাসা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর দায়িত্বকালে পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ, সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে মনে করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল আজ শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। নয়টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকবে। কোনো বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।