লোহাগাড়া উপজেলা ছাত্রদলে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের কোন্দল বেড়ে চলেছে। উভয় পক্ষ রয়েছে মুখোমুখি অবস্থানে।
গত ২০ সেপ্টেম্বর ৭১ সদস্যের লোহাগাড়া উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। এতে ফৌজুল কবিরকে সভাপতি ও আরাফাত হোছাইনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর ছাত্রদলের অপর একটি বিক্ষুব্ধ অংশ বিক্ষোভ মিছিল করে। পরে ২৪ সেপ্টেম্বর ছাত্রদলের একাংশ লোহাগাড়ার বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মো. নুরুল আবছারকে সভাপতি ও মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পাল্টা কমিটি গঠন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদলের একাংশের সভাপতি মো. নুরুল আবছার বলেন, টাকার বিনিময়ে অছাত্রদের নিয়ে কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি।
২ অক্টোবর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মো. ফৌজুল কবির বলেন, প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে যাচাই-বাছাই করে কমিটি গঠন করেছে দক্ষিণ জেলা ছাত্রদল।
দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বখতেয়ার উদ্দিন বলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা না করে কমিটি অনুমোদন দেওয়ায় লোহাগাড়া উপজেলা ছাত্রদলে কোন্দলের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তৃণমূল পর্যায়ে সবার সঙ্গে আলোচনা করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি গঠনে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব।’