লোহাগড়া উপজেলা আ.লীগের সম্মেলন কাল মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে ১২ বছর পর আগামীকাল মঙ্গলবার সম্মেলন অনুষ্ঠিত হবে। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। ২০০৩ সালে সর্বশেষ লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছিল। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন হওয়ার পর ৭ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খানকে আহ্বায়ক করে সাত সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন হয়।
দৌলত আহমেদ খান বলেন, দলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এ সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। ভোটের জন্য মোট ২৮৮ জন তৃণমূল নেতা-কর্মীকে কাউন্সিলর করা হয়েছে।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান, বর্তমান সহসভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া ও খান আবদুল কাইউম। সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর, মঞ্জুরুল করিম, আজাদ রহমান, শিকদার আবদুল জলিল ও মুন্সী শরিফুল ইসলাম।
নেতা-কর্মীরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে। তাই তৃণমূল নেতা-কর্মীদের কদর বেড়েছে।