লোহাগাড়ায় বিএনপিতে গৃহবিবাদ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপিতে গৃহবিবাদ চলছে। দীর্ঘদিন ধরে উপজেলায় তেমন কোনো দলীয় কর্মসূচি পালিত হচ্ছে না। কোন্দলের কারণে বিভক্ত হয়ে পড়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদের দাবিদারও দুজন।
অনুসন্ধানে জানা যায়, বিগত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মূলত কোন্দলের সূত্রপাত। ওই নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান পদে ছলিম চৌধুরী খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচনে প্রধান সমন্বয়ক হয়েও জামায়াত প্রার্থীদের পক্ষে কাজ করেন। এতে বিএনপির প্রার্থীদের পরাজয় হয়। এ ছাড়া আসহাব উদ্দিন চৌধুরী আগের সাধারণ সম্পাদক ছলিম চৌধুরীকে বাদ দিয়ে সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করেন।
এ ব্যাপারে আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে উপজেলা নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ অপপ্রচার। এ ছাড়া সাবেক সাধারণ সম্পাদক ছলিম চৌধুরী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। তাই সাজ্জাদুর রহমানকে আমরা সাধারণ সম্পাদক করি। তবে তা গঠনতন্ত্র অনুসরণ করে নয়, হয়েছে সমঝোতার ভিত্তিতে।’
এ ব্যাপারে সাজ্জাদুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাচনে ছলিম চৌধুরীর সঙ্গে আমিও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। পরে আমাকে সাধারণ সম্পাদক করা হবে বলা হয় এবং ছলিম চৌধুরী এতে সম্মতি দিলে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করি।’ তিনি বলেন, ‘আমি লোহাগাড়া উপজেলা বিএনপির বৈধ সাধারণ সম্পাদক।’
অন্যদিকে ছলিম চৌধুরী বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করতে হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে তা করতে হবে।’ তিনি বলেন, ‘বিগত উপজেলা নির্বাচনে সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করায় আমরা তাঁর সঙ্গে রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’
লোহাগাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সিকদার বলেন, ‘দলীয় কোন্দলের কারণে লোহাগাড়া উপজেলা বিএনপির অনেক কর্মসূচি পালিত হচ্ছে না। আমরা এ কোন্দলের অবসান চাই।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ চৌধুরী বলেন, ‘বর্তমানে লোহাগাড়া বিএনপিতে দলীয় শৃঙ্খলা নেই বললে চলে। এ ছাড়া যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলও দুই ভাগে বিভক্ত।’
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাধারণ সম্পাদক পদ থেকে ছলিম চৌধুরী খোকন পদত্যাগ করায় আমরা সমঝোতার ভিত্তিতে সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করি। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এতে দলীয় কোন্দল নিরসন হবে।’