ল্যাপটপ ও ফোনের দাম বাড়লে দক্ষতা অর্জন বাধাগ্রস্ত হবে: নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ ও স্মার্টফোনের মতো অত্যাবশ্যকীয় পণ্যের ওপর শুল্ক বাড়লে দেশের শিক্ষার্থী ও তরুণদের শিক্ষা এবং ডিজিটাল দক্ষতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্য। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রস্তাবিত বাজেটসংক্রান্ত প্রাথমিক লিখিত প্রতিক্রিয়ায় এ মন্তব্য করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। এতে পণ্যটি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার হবে ৩১ শতাংশ। অন্যদিকে মুঠোফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এতে মুঠোফোনের দামও বাড়তে পারে।

সার্বিকভাবে প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্যের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, গতানুগতিকতার বাইরে আলাদা কিছু হয়নি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কয়েকটি বিলাসী পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সেগুলোর আমদানি নিরুৎসাহিত করার চাইতে বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি। টাকা পাচার নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বাজেটে নেই। এ ছাড়া চরম মূল্যস্ফীতির এই সময়ে জরুরি পদক্ষেপ হওয়ার কথা ছিল সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অনেক বাড়ানো। কিন্তু সেটা হয়নি। এমনকি এই উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ৫০০ কিংবা ৭৫০ টাকা ভাতার অঙ্কও বাড়ানো হয়নি। এতে দরিদ্র মানুষের টিকে থাকা একেবারেই অসম্ভব হয়ে পড়বে বলে প্রতিক্রিয়ায় বলা হয়েছে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এই প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, লুটপাটের টাকার সংস্থান করতে সরকার এবার হাত বাড়িয়েছে সাধারণ মানুষের সঞ্চয়ের দিকে। সর্বজনীন পেনশনের নামে মানুষের কাছ থেকে অতি দীর্ঘ মেয়াদে টাকা নিয়ে সেটার নয়–ছয় শুরু হবে এই বছর থেকে।