লড়তে চান তিন দলের ১২ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নেওয়ার জন্য কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি থেকে ১২ জন নারী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির সাতজন, আওয়ামী লীগের চারজন ও জাতীয় পার্টির একজন রয়েছেন। তাঁরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন।

বিএনপির সাত মনোনয়নপ্রত্যাশী হলেন শাহিদা রফিক, মাজেদা আহসান, খাদিজা রহমান, সাজেদা আরিফ, শাহনাজ আক্তার, জেবুন্নাহার ভূঁইয়া ও সাবেরা বেগম। আওয়ামী লীগের চারজন হলেন সেলিমা আহমাদ, আয়েশা জামান, নাজনীন আক্তার ও মুন্নী আক্তার। জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান দলটির মনোনয়ন চেয়েছেন।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ। তিনি শিল্পগোষ্ঠী নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের স্ত্রী। তিনি বলেন, ‘হোমনা ও তিতাস অবহেলিত জনপদ। এলাকার উন্নয়নের জন্য প্রার্থী হতে চাই। বড় পরিসরে নারীদের জন্য কাজ করতে চাই।’

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জাতীয় পার্টির হয়ে মহাজোট থেকে নির্বাচন করতে চান সংরক্ষিত আসনের সাংসদ বেগম রওশন আরা মান্নান। তিনি বলেন, ‘এবার মুরাদনগর থেকে সরাসরি নির্বাচন করতে চাই।’ একই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক মনোনয়ন ফরম নিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছি। আশা করি, দল মনোনয়ন দেবে।’

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উত্তর জেলা বিএনপির সহসভাপতি ও ২০০৮ সালে এ আসনে চারদলীয় জোটের প্রার্থী মাজেদা আহসান। তিনি এ আসনে বিএনপির চারবারের সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী। কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের স্ত্রী খাদিজা রহমান। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান। বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সাজেদা আরিফ।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের উপ–দপ্তর সম্পাদক নাজনীন আক্তার। তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি নিয়ে মাঠে আছি। চান্দিনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি। এলাকার উন্নয়নের জন্য প্রার্থী হতে চাই। নারীদের জন্য ভিন্ন কিছু করতে চাই।’

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মুন্নী আক্তার। কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লাকসাম পৌরসভার গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তার। তিনি ২০১৩ সালের ২৭ নভেম্বর গুম হওয়া পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী। তিনি বলেন, ‘আমার স্বামীকে গুম করা হয়েছে। জানি না তিনি বেঁচে আছেন কি না। গুমের বিরুদ্ধে মাঠে আছি।’

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়ার স্ত্রী জেবুন্নাহার ভূঁইয়া। এ আসনে উপজেলা বিএনপির সদস্য সাবেরা বেগমও দলীয় ফরম নিয়েছেন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস বলেন, নারীরা এখন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, মন্ত্রী ও সাংসদ। যাঁদের সাংগঠনিকভাবে এলাকায় প্রভাব, গ্রহণযোগ্যতা আছে তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিলে ভালো হয়। এতে তৃণমূলের নারীরা শক্তি পাবেন। রাজনৈতিক দলগুলোর উচিত সব দলে নারী প্রার্থী বাড়ানো।