ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই। বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে। এমন পরিস্থিতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে। আবদুর রহিমকে এলাকার সবাই রহিম মেম্বার হিসেবে চেনেন। বর্তমান কাউন্সিলরও তিনি। টানা ২৮ বছর ধরে জনপ্রতিনিধি। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আপন ভাই সিরাজুল ইসলাম। একই ওয়ার্ডে আরেক কাউন্সিলর প্রার্থী মো. ইউনুসের প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছেলে ওমর ফারুক।
কাউন্সিলর রহিমের বাড়ি মিজমিজি রোডের টিসি রোডে। তাঁর ভাই সিরাজুল ইসলামেরও বাড়ি তাঁর বাড়ির সামনে। রাস্তার পাশে নির্বাচনী ক্যাম্প রহিমের। তাঁর মার্কা কুমড়া। টিনের তৈরি নির্বাচনী ক্যাম্পের মাঝখানে একটি টেবিল রাখা। টেবিলের ঠিক মাঝখানে রাখা আছে একটা আস্ত কুমড়া। কিছুক্ষণ পরপরই মেম্বার রহিম কুমড়ায় হাত বুলাচ্ছিলেন।
আবদুর রহিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মানুষের ভালোবাসা নিয়ে একটানা ২৮ বছর ধরে এলাকায় মেম্বারগিরি করেছি। কেউ হারাতে পারেনি। কিন্তু এবার নিজের ভাইও দাঁড়িয়েছেন, এটা বড়ই বিব্রতকর।’ এ বিষয়ে সিরাজুল কোনো কথা বলতেই রাজি হননি।
স্থানীয় একজন চায়ের দোকানদার বলছিলেন, সিরাজুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। আর তাঁর ভাই রহিম মেম্বারের পেশা রাজনীতি। বছরের পর বছর এলাকার জনপ্রতিনিধি। দুই ভাই প্রার্থী হওয়ায় এলাকার ভোটাররা অস্বস্তিতে পড়েছেন। তিনি বলেন, ভোটের আগে দুই ভাইয়ের সম্পর্ক ভালোই ছিল। এখন মুখ দেখাদেখি বন্ধ।
রহিম ও সিরাজুলের আত্মীয় ওমর ফারুক। তিনিও কাউন্সিলর প্রার্থী। পেশায় তিনি ব্যবসায়ী। ফারুকের বাবা মো. ইউনুসও কাউন্সিলর প্রার্থী। তিনিও ব্যবসায়ী। রহিম মেম্বারের বাড়ির কাছে ফারুকের বাড়ি। ফারুকের নির্বাচনী প্রতীক ফুলের ঝুড়ি। আর তাঁর বাবা ইউনুসের প্রতীক লাটিম। পুরো ওয়ার্ডে ফারুকের পোস্টার দেখা গেলেও তাঁর বাবা ইউনুসের পোস্টার চোখে পড়েনি।
গতকাল বেলা দুইটার দিকে ওই বাড়িতে গিয়ে পাওয়া যায় ফারুকের ছেলে ওমর সাকিবকে। বাবা ও দাদাকে ডাকতে বললে তিনি বলেন, দুজনেই ঘুমাচ্ছেন, ডাকা যাবে না।
এই চার কাউন্সিলর প্রার্থীর বাইরেও এই ওয়ার্ডের আরেকজন প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি সম্পর্কে রহিম মেম্বারের ভাতিজা হন। পেশায় ব্যবসায়ী আনোয়ারুলের প্রতীক ঠেলাগাড়ি।
অর্থাৎ ঘুরেফিরে এই পাঁচজন প্রার্থী একই গোষ্ঠীর। এ নিয়ে এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। সাদ্দাম হোসেন নামের এক ভোটার বললেন, ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই, আবার আছেন ভাতিজা। আবার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছেন ছেলে। এমনটা এর আগে ওই এলাকায় কখনো হয়নি।