লড়াইয়ের মাঠে এখন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার স্থগিত দুটি ভোটকেন্দ্রে ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে এই দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্র দুটি হলো নারকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। স্থগিত কেন্দ্রগুলোতে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকায় শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর দুপুরে পৌরসভার নারকেলবাড়ি বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ৩ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী নুর ইসলাম ও কয়ছার আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচ ব্যক্তি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সংঘর্ষের সময় কিছু ব্যালট পেপার উচ্ছৃঙ্খল লোকজন ছিনিয়ে নেয়। অপরদিকে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্র থেকেও ভোট চলাকালে কে বা কারা তিনটি ব্যালট পেপার ছিনতাই করে। ফলে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল ঘোষণা করা হয়। এতে পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ৭ হাজার ৭৬৭, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাজ্জাদুর রহমান তালুকদার সাজু (নারকেলগাছ) ৫ হাজার ৫৮৮ এবং বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ সরকার পেয়েছেন ৪ হাজার ১৫৫ ভোট। স্থগিত কেন্দ্র দুটিতে ভোট আছে ৩ হাজার ৮৯৮টি।
নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির তারিক আবু আলা ও স্বতন্ত্র সাজ্জাদুর রহমান প্রচারণায় নেমে পড়েছেন। দুজনই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। স্থানীয় লোকজন জানান, কেন্দ্র দুটিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদের সমর্থক বেশি। অধিকাংশ ভোট পেলেও তাঁর বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বরং আওয়ামী লীগের প্রার্থীর সমর্থন সাজ্জাদুর রহমানের পক্ষে গেলে বিএনপি প্রার্থীর সঙ্গে তাঁর জোরালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
এ প্রসঙ্গে বিএনপির প্রার্থী তারিক আবু আলা বলেন, ‘মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসায় আমিই জয়ী হব। ভোটের ফলাফল দেখলে আপনারাও তা বুঝতে পারবেন।’
অপরদিকে সাজ্জাদুর রহমান বলেন, ‘ভোটের ব্যবধান যাই হোক আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধাসহ সব দল ও মতের মানুষ মিলে আমাকে সমর্থন দিলে জয়ী হওয়াটা কঠিন না। চেষ্টা করছি, দেখা যাক আল্লা কী করেন।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় দুই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।