রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ
শক্তিশালী ইসি ও নারী সদস্যের অন্তর্ভুক্তি দাবি
শক্তিশালী নির্বাচন কমিশনের পাশাপাশি রাষ্ট্রপতির কাছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চেয়েছে এলডিপি। একই সঙ্গে দলটি নতুন নির্বাচন কমিশন গঠন ও সার্চ কমিটি নিয়ে বিএনপির প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে। এ ছাড়া এবারের নির্বাচন কমিশনে একজন নারী সদস্যের অন্তর্ভুক্তিসহ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নয় দফা দাবি পেশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ।
গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনায় এসব দাবি পেশ করে দল দুটি। আলোচনা শেষে আলাদা সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানানো হয়।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা শুরু করেছেন, তারই ধারাবাহিকতায় তৃতীয় দিনে এ দুটি দলের পালা ছিল গতকাল।
বিকেলে বঙ্গভবনে আলোচনার পর এলডিপির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘আজকে যিনি রাষ্ট্রপতি। তিনি একসময় সংসদ সদস্য ছিলেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নতুন নির্বাচন কমিশন গঠনে আমরা তাঁকে অনুরোধ করেছি।’
নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির অনুরূপ পদ্ধতি অনুসরণের প্রস্তাব করে এলডিপি বলেছে, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেবল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনই যথেষ্ট নয়। কমিশনকে সর্বাত্মক প্রশাসনিক ও আনুষঙ্গিক সহযোগিতা প্রদান এবং প্রতিরক্ষা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থন-সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ছাড়া এসব সহযোগিতা নিশ্চিত করা সম্ভব নয়।
আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি বলেছেন, গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষক শ্রমিক জনতা লীগের আলোচনা: রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। পরে মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে আলাপ-আলোচনা করে সন্তুষ্ট হয়েছি। আমার বিশ্বাস, মেরুদণ্ড আছে এমন নির্বাচন কমিশন রাষ্ট্রপতি গঠন করবেন। তাহলে বর্তমানে যে অনাস্থার পরিবেশ তা আপনা-আপনিই কেটে যাবে।’ তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে আমাদের দলীয় প্রতীক গামছা উপহার দিয়েছি। আমাদের বিদায় দেওয়া পর্যন্ত তিনি সেটা গলায় পরে ছিলেন। তাঁকে ধন্যবাদ জানাই।’