শক্তিশালী সক্ষম নির্বাচন কমিশন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ইইউ দূতাবাসে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতা বারন্ড লাঙ্গা ও ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যামবারট l ছবি: প্রথম আলো
ইইউ দূতাবাসে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতা বারন্ড লাঙ্গা ও ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যামবারট l ছবি: প্রথম আলো

*নতুন নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা থাকতে হবে *আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে সহায়ক পরিবেশ দরকার

ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির এই প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাদের এই মত তুলে ধরে। আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সহায়ক পরিবেশ সৃষ্টির কথাও বলেছেন প্রতিনিধিদলের সদস্যরা।

চার দিনের বাংলাদেশ সফরের শেষ প্রান্তে এসে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি ঢাকায় ইইউ দূতাবাসে সংবাদ সম্মেলনে এসব কথা বলে।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার ঠিক আগে প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন। তাঁরা সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে কথা বলেন। সংবাদ সম্মেলনের পর প্রতিনিধিদলটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের কার্যালয়ে যায়। সাত সদস্যের প্রতিনিধিদলে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রধান বারন্ড লাঙ্গা বলেন, মূলত বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সম্পর্কের বিষয়ে একটি তথ্যানুসন্ধানী মিশনে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) পর্যায় থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলে ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্কে পরিবর্তন আসবে। ওই সময়টাতে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা বাদ দিয়ে জিএসপি প্লাস কর্মসূচিতে বাংলাদেশকে যুক্ত হতে হবে। এতে যুক্ত হতে হলে বাংলাদেশকে ২৭টি আন্তর্জাতিক সনদে সই করতে হবে। এ বিষয়গুলো নিয়ে আলোচনাই ছিল ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সফরের মুখ্য বিষয়। তবে এর বাইরে স্বল্প পরিসরে তারা রাজনীতি, বিশেষ করে আগামী নির্বাচন, পরবর্তী নির্বাচন কমিশন গঠন, মৌলিক ও রাজনৈতিক অধিকার—এ বিষয়গুলো নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করেছে।

সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যামবারটের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাজনৈতিক পরিস্থিতি, মৌলিক অধিকার—এসব বিষয় নিয়ে এই সফরে কী আলোচনা হয়েছে? আর বাংলাদেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিকে তাঁরা কীভাবে দেখছেন? এ প্রশ্নের উত্তরে জিন ল্যামবারট বলেন, ‘সাধারণ পরিস্থিতি নয়, এই সফরে আমাদের মূল বিবেচ্য ছিল বাণিজ্য। কাজেই রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কম আলোচনা হয়েছে। অবশ্যই আমরা একটি শক্তিশালী ও সক্ষম নির্বাচন কমিশন গঠনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি, যাতে করে নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা রাখতে পারে। নির্বাচন পরিচালনার সময় কমিশনকে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে, যা একপর্যায়ে রাজনৈতিক দলগুলোর অপছন্দের কারণ হতে পারে। কিন্তু নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

পরবর্তী নির্বাচন কমিশন সম্পর্কে বলতে গিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতা বারন্ড লাঙ্গা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই স্থিতিশীল। নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে। যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই এটি গঠন করার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

হলি আর্টিজান বেকারিতে ১ জুলাইয়ের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে প্রতিনিধিদলের নেতা নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে যথার্থ ভারসাম্য রাখার ওপর জোর দেন।

জিন ল্যামবারট মনে করেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক করার বিষয়ে তাঁরাও একমত। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক দলের। তবে এটি এমন একটি পরিবেশে হতে হবে, যাতে করে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারে।

জিন ল্যামবারট বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, বেসরকারি সাহায্য সংস্থার অনুদানবিষয়ক আইন, তথ্যপ্রযুক্তি আইন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মৃত্যুদণ্ড প্রথা বজায় থাকলে বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধার আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে কি না জানতে চাইলে বারন্ড লাঙ্গা বলেন, মৃত্যুদণ্ড প্রথা বাতিল করা দর-কষাকষির একটি বড় বিষয় হবে।

রাজনীতিসহ প্রাসঙ্গিক বিষয়গুলো স্পিকারের সঙ্গে আলোচনায় এসেছে কি না জানতে চাইলে বারন্ড লাঙ্গা বলেন, ‘অবশ্যই বিষয়গুলো নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করেছি।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী নির্বাচন যথাসময়ে এবং স্বচ্ছতার সঙ্গে হবে বলে এইচ টি ইমাম ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলকে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম রাতে প্রথম আলোকে বলেন, ‘‌‌নির্বাচন কমিশন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল যা বলেছে, তার সঙ্গে তো কোনো দ্বিমত নেই। আমার সঙ্গে আলোচনায়ও তারা বিষয়টি জানতে চেয়েছিল। আমাদের দেশে একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রথা আছে। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হতে পারে। আমাদের প্রত্যাশা, স্বচ্ছ প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচন কমিশনও একটি দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন হবে।’

খালেদা জিয়ার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন একটি নিরপেক্ষ, যোগ্য নির্বাচন কমিশন দেখতে চায়; যাতে ওই কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন দক্ষ ও শক্তিশালী হওয়া উচিত। তবে আমাদের দেশের নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত তা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল কেন মতামত দিচ্ছে আর আদৌ তাদের মতামত দেওয়ার সুযোগ আছে কি না তা আমার বোধগম্য নয়।

এদিকে সকালে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, রানা প্লাজার পর বাংলাদেশের বিদ্যমান শ্রমমান ও কর্মপরিবেশের অগ্রগতি নিয়ে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে। ২০১৮ সালের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কোনো সহযোগিতার দরকার হবে না।