শক্তিশালী স্থানীয় সরকার গড়তে একটি সমন্বিত কাঠামো দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারের শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি এবং স্থানীয় সরকারের জন্য একটি পরিকল্পনা ও বাজেট কমিশন গঠন করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা উন্নত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্থানীয় সরকার নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এসব সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুই দিনের এই সেমিনার শেষ হয়েছে। গত দুই দিনে উদ্বোধনী ও সমাপনীসহ মোট সাতটি অধিবেশনে স্থানীয় সরকার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে। কর আদায়সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু কাজে উন্নতি লক্ষ করা যাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফস এবং ইউএনডিপির এ-দেশীয় উপপরিচালক নিক বেরেসফোর্ডও বক্তব্য দেন।
গত শনিবার সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনডিপির এ-দেশীয় পরিচালক সুদীপ্ত মুখার্জী বলেন, স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়ন ও শক্তিশালী করার জন্য বাংলাদেশের উদ্যোগে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত থাকবে। ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’ অর্জনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সেমিনারে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ভারতের কেরালার কয়েকজন প্রতিনিধি অংশ নেন। দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।