শঙ্কা উড়িয়ে শান্তির ভোট
সব শঙ্কা উড়িয়ে দিয়ে শান্তির ভোট হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। প্রচারের শুরু থেকে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ পর্যন্ত ছিল আস্থা ও স্বস্তির পরিবেশ। এখানকার ভোটার, স্থানীয় রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকার ও নির্বাচন কমিশন চাইলে যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব, সেটা এখানে প্রমাণিত হয়েছে, যা নিকট অতীতে স্থানীয় সরকার নির্বাচনে প্রকটভাবে অনুপস্থিত ছিল। এ জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কৃতিত্বের দাবিদার বলে তাঁরা মনে করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল ঢাকায় তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, প্রার্থী ও সমর্থকেরা চাইলে যে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব, নারায়ণগঞ্জে তা প্রমাণিত হয়েছে।
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। প্রথম এক ঘণ্টা কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এরপর সারা দিন বেশির ভাগ কেন্দ্রে খুব বেশি ভোটার ছিলেন না। দুপুরের পর ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে।
নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থীরাও। সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ
আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান দুজনই ভোট চলাকালে নির্বাচন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে দুই প্রার্থী ভোটার উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
ভোট দিয়ে এসে গতকাল দুপুরে বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি বা নৌকা-ধানের শীষ প্রতীকের ভোট হচ্ছে, কিন্তু কোথাও হই-হুল্লোড় নাই, পোস্টার ছেঁড়াছিঁড়ি নাই। কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া নাই, প্রার্থীদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি নাই। এমন নির্বাচন আমার জীবনে দেখি নাই।’
নানা কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং এরপর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক কারচুপি, সংঘাতের ঘটনা ঘটে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনসহ ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকারদলীয় প্রার্থীদের বিজয়ী হওয়ার ঘটনা ঘটে। ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে ৬১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২২ জনই বিনা ভোটে জয়ের পথে রয়েছেন। এমনই প্রেক্ষাপটে দলীয় প্রতীকে প্রথম সিটি করপোরেশন নির্বাচন হয় নারায়ণগঞ্জে। তা ছাড়া এটা বর্তমান নির্বাচন কমিশনের শেষ নির্বাচন। সব মিলিয়ে এ নির্বাচন নিয়ে দেশব্যাপী ব্যাপক আগ্রহ তৈরি হয়।
এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে, এমন বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী হওয়ায় তাঁদের নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। সবচেয়ে বেশি শঙ্কা ছিল সিদ্ধিরগঞ্জ নিয়ে। কারণ, এখানে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীদের অনেকে ছিলেন বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। এর মধ্যে সাত খুন মামলার আসামি নূর হোসেনের ভাতিজা শাহজালাল ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আবার সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন।
কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোথাও কেউ অপ্রীতিকর কিছু করার সাহস পায়নি। কেন্দ্র ও কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করেন পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌ-পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে নয় হাজার সদস্য। তৎপর ছিলেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনেক ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, অশুভ শক্তি মাঠে নামতে না পারায় নারায়ণগঞ্জে এমন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হয়েছে। সরকার চাইলে এমনটা সম্ভব, সেটা প্রমাণিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারও নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
গতকাল দুপুরে তোলারাম কলেজ থেকে ভোট দিয়ে বেরিয়ে খালিদ হোসেন খান বলেন, ‘এর চেয়ে ভালো ভোট আর হতে পারে না। আগেও ভোট হয়েছে। নারায়ণগঞ্জে এত সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোটের ইতিহাস আছে বলে জানা নেই।’
শিশুবাগ কেন্দ্রে চার জা লিপি বেগম, হাসিনা বেগম, রাবেয়া বেগম ও নুরুননাহার নিজ নিজ সন্তানকে শাশুড়ির জিম্মায় রেখে সকালেই ভোট দিতে এসেছিলেন। কে জিতবেন বা কাকে ভোট দিয়েছেন ইচ্ছে হলে বলতে পারেন—এমন প্রস্তাবে কেউ সাড়া দেননি। হাসিমুখে বলেছেন, ফল ঘোষণা হলে জানা যাবে কে জিতেছেন।
এই নির্বাচনের প্রচারকালেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং পুরো সময়টা মেয়র প্রার্থীদের মধ্যে ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। গতকাল সকালে শহরের দেওভোগে সেলিনা হায়াৎ আইভীর বাসভবনের ফটকে তাঁর পোস্টারের ঠিক নিচে দেখা গেল বিএনপির প্রার্থী সাখাওয়াতের পোস্টার। এ সময় স্থানীয় অটোরিকশার চালক নুরুন্নবী বলেন, ‘রাস্তার ওপরে দেখলেন? একজনের হাতে সাখাওয়াতের পোস্টার, আরেকজনের হাতে আইভীর। হাসতে হাসতে গল্প করতাছে।’
নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে টেবিল-চেয়ার পেতে বসে ছিলেন আইভীর সমর্থকেরা। পাশের দোকানে মো. সেলিম। বুকের ওপর মো. সাখাওয়াত হোসেনের ছবি লাগানো কার্ড। নিজ প্রার্থীর সমর্থকদের মতো আইভীর সমর্থকদের দিনভর চা, বিস্কুট, চানাচুর, চিপসের জোগান দিয়েছেন তিনি। নির্বাচনের গতি-প্রকৃতি নিয়েও আলোচনা করেছেন। কিন্তু কোনো তর্ক-বিতর্ক নেই।
সুশাসনের জন্য নাগরিক—সুজনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, এটা একটা অনুকরণীয় বা মডেল নির্বাচন হয়েছে। এখানে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, নির্বাচন কমিশন ও দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, যা বাংলাদেশের নির্বাচনে অনেক ক্ষেত্রেই দেখা যায় না। এর কৃতিত্ব সরকার নিতে পারে। কেননা, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সরকারের সুস্পষ্ট অবস্থান ছিল।
[নির্বাচনের তথ্য ও ছবি সংগ্রহ করেছেন সোহরাব হাসান, টিপু সুলতান, শেখ সাবিহা আলম, তানভীর সোহেল, আনোয়ার হোসেন, শরিফুল হাসান, আসাদুজ্জামান, রিয়াদুল করিম, আহমেদ জায়িফ ও আসিফ হোসেন এবং চিত্র সাংবাদিক জিয়া ইসলাম, জাহিদুল করিম, হাসান রাজা, আবদুস সালাম ও সাইফুল ইসলাম]