শঙ্কার মধ্যে পঞ্চম ধাপের ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় নিহত শাহিনুরের স্ত্রী মিথিলা খাতুনের আহাজারি। গতকাল সদর উপজেলার আইলচারা গ্রামে শাহিনুরের বাড়ি থেকে তোলা  ছবি l প্রথম আলো
কুষ্টিয়ায় নিহত শাহিনুরের স্ত্রী মিথিলা খাতুনের আহাজারি। গতকাল সদর উপজেলার আইলচারা গ্রামে শাহিনুরের বাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো

আগের চার ধাপের মতোই সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা ও নানামুখী অভিযোগের মধ্যে আজ শনিবার দেশের ৭২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। এ দুজন হলেন কুষ্টিয়া ও নড়াইলের।
গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় সাড়ে তিন মাসে প্রতিদিনই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, নির্বাচনী সহিংসতায় গতকাল পর্যন্ত কমপক্ষে ৮২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট চলবে। পঞ্চম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার প্রায় ১ কোটি ১০ লাখ।
আগের চার ধাপের তুলনায় এবার সুন্দর ভোটের প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু ভোটের সম্ভাবনা তারা দেখছে না।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা অভিযোগে বলেছে, বিএনপি এ ভোটকে ‘বিতর্কিত’ করতে ‘ষড়যন্ত্র’ করে আসছে।
এর আগে ২২, ৩১ মার্চ, ২৩ এপ্রিল ও ৭ মে বিক্ষিপ্ত গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে চারটি ধাপের ভোট হয়। আজকের পর আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে প্রায় দেড় হাজার ইউপিতে ভোটের মধ্য দিয়ে এবারের ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।

কুষ্টিয়ায় নিহত এক: কুষ্টিয়ার সদর উপজেলায় শাহিনুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের অভিযোগ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আইলচারা গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। আইলচারা বাজারে শাহিনুরের খাবারের হোটেল আছে।

এলাকাবাসী ও পরিবারের ভাষ্য, রাত সাড়ে নয়টায় হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন শাহিনুর। পথে আইলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির ছোট ভাই শামিম রেজা অভিযোগ করেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে তাঁর ভাই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ নিয়ে প্রতিপক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।

ঢাকায় মারা গেলেন নড়াইলের কাশেম: দুর্বৃত্তদের হামলায় আহত কাশেম শেখ (৩৫) গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। কাশেম নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের প্রয়াত তান শেখের ছেলে।

পারিবারিক সূত্র বলেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভোমবাগ গ্রামে চায়ের দোকানে বসে কাশেম শেখ ও বুলু মোল্লা গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁদের দুজনকে কুপিয়ে চলে যায়। কাশেমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাশেম ও বুলু দুজনই স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহম্মদের সমর্থক।

রামুতে বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মনোনীত ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৪২ জন আহত হন। পুলিশ সংঘর্ষে জড়িত অভিযোগে ১৯ জনকে আটক করেছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর শুক্কুর বলেন, বৃহস্পতিবার বিকেলে রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ধানের শীষের নির্বাচনী মিছিল বের করেন দলের মনোনীত প্রার্থী আবদুল করিমের সমর্থকেরা। সন্ধ্যায় মিছিলটি কাহাতিয়া পাড়ায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা দলের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকেরা হামলা চালান। এতে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়।

বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর: নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওহাবের বাড়িতে গতকাল ককটেল হামলা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর প্রচারকাজে নিয়োজিত যানবাহন ভাঙচুর ও কয়েকজন প্রচারকর্মীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুপক্ষের পাঁচজন আহত হন। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনায় নির্বাচনী প্রচারের সময় বৃহস্পতিবার রাত একটার দিকে আওয়ামী লীগের প্রার্থী মশিয়ার রহমান এবং দলের বিদ্রোহী প্রার্থী কামরুল আলমের সমর্থকদের মধ্যে মারামারিতে ১০ জন আহত হন।

জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হন।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমানের চাচাতো ভাই ফুল মিয়াকে বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন মারধর করেছেন।

গতকাল সকালে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন।

ভোলায় দিনভর বিক্ষোভ: বৃহস্পতিবার ভোলার রাজাপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের পর গতকাল প্রায় দিনভর গ্রামবাসী বিক্ষোভ করেছেন। তাঁরা জনতা বাজার পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার এবং হত্যা মামলার আসামি নাসির সর্দারসহ তাঁর লোকজনের শাস্তির দাবি জানান। বৃহস্পতিবার ওই ঘটনায় রুম্মান জমাদ্দার ওরফে নোমান (৪০) নিহত এবং গ্রামবাসী ও পুলিশসহ ৪০ জন আহত হন। গতকাল এ ঘটনায় পুলিশ ক্যাম্পের চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়। বাকিদের সরিয়ে নেওয়া হয়েছে।