শঙ্কায় প্রার্থী ও ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে ২৮ মে। জোরেশোরে চলছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু ভোট দলীয় প্রভাবমুক্ত ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের শঙ্কা কাটছে না।
প্রতিদ্বন্দ্বী পাঁচজন চেয়ারম্যান প্রার্থী, আটজন সদস্য প্রার্থী ও অন্তত ৩০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে ইতিমধ্যে চারটি পর্যায়ে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার, ব্যাপক কারচুপি এবং সহিংস ঘটনায় ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে ওই শঙ্কা তৈরি হয়েছে।
গত শনিবার দামোদরপুর ইউপির কালিরডাঙ্গা গ্রামের ভোটার মিজানুর রহমান বলেন, ‘ভাই একটা কথা কন তো, ভোটটা কি সুষ্ঠু হইবে? সারা দ্যাশে তো আওয়ামী লীগের প্রার্থী বেশি জিতছে। ওঁরা তো (আওয়ামী লীগের প্রার্থীরা) কয়া (বলে) বেড়াওচে এক ভোট পাইলেও নাকি ওঁরায় জিতবে। তাহলে আমাদের ভোট দিয়া লাভ কী?’ একই ধরনের কথা বলেন গ্রামের ভোটার ইদ্রিস আলী, সৈয়দ আলী, জিল্লুর রহমানসহ অনেকে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘ভোটারদের ওই সব ধারণা ভ্রান্ত। আমরা কখনো বলিনি ভোট না দিলেও আমাদের প্রার্থী জিতবে।’
রাধানগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বলে বেড়াচ্ছেন, যেভাবেই হোক ইউনিয়নে নৌকার প্রার্থী জিতবে। কারণ সরকার তাঁদের, প্রশাসন তাঁদের। এমন প্রচারে নির্বাচন নিয়ে আমি ও আমার ভোটাররা শঙ্কায় আছি।’ নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবুবক্কর সিদ্দিক বলেন, ‘এসব মিথ্যা কথা। আমরা কোনো ভোটারকে এমন কথা বলিনি।’
মধুরপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আয়নাল হক, দামোদরপুরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান, কুতুবপুরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক আহম্মেদ ও বিষ্ণুপুরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাছিন আখতার চৌধুরীও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, সারা দেশে ইতিমধ্যে অনুষ্ঠিত ইউপি নির্বাচন কেমন হয়েছে তা সবাই জানে। কাজেই ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের আশঙ্কা অমূলক নয়। এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন আশা করা ঠিক নয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, ইউপি নির্বাচন নিয়ে প্রার্থী বা ভোটারদের আশঙ্কার কোনো কারণ নেই। ভোট হবে প্রভাবমুক্ত। নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ ব্যাপক নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। ভোট হলেই মানুষ সেটা বুঝতে পারবে।