শঙ্খ থেকে বালু তুলছেন আ.লীগের দুই নেতা
চট্টগ্রামের আনোয়ারার রায়পুর এলাকায় শঙ্খ নদ থেকে বালু তুলছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরিফ।
স্থানীয় সূত্রমতে, উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর এমনিতেই ভাঙনকবলিত। তার ওপর ড্রেজার দিয়ে বালু তোলার কারণে শঙ্খ নদের ভাঙন বেড়ে যেতে পারে। কিন্তু আওয়ামী লীগের নেতারা বালু তোলায় কেউ মুখ খুলছেন না।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সরেঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, রায়পুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সদস্য জানে আলমের বসানো একটি ড্রেজার থেকে বালু খালাস করা হচ্ছে। পরে ফকিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরিফের বসানো একটি ড্রেজার দিয়ে বালু তুলে হাড়িয়াপাড়া এলাকায় রাখা হচ্ছে।
স্থানীয় সূত্রমতে, এক সপ্তাহ ধরে নদ থেকে একটি ড্রেজার দিয়ে বালু তুলে ব্যবসা করে আসছেন জানে আলম। তাঁর দেখাদেখি শুক্রবার সকাল থেকে ড্রেজার দিয়ে বালু তোলা শুরু করেন আমিন শরিফ।
আমিন শরিফ বলেন, ‘কিছুদিন আগে নদ থেকে এক ঠিকাদার বালু তুলতে গেলে বাধা দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান। এখন তিনি নিজেই বালু তুলছেন। তাই আমিও বালু তুলে পারিবারিক কবরস্থান ভরাট করছি।’
চেয়ারম্যান জানে আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদে একটি ডুবোচরের কারণে নদের ভাঙন বাড়ছে। তাই ডুবোচরটি কেটে দেওয়ার জন্য ড্রেজার লাগানো হয়েছে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।