শত শত উপদেষ্টা দিয়ে গুলশান অফিস ভর্তি করে লাভ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশে বলেছেন, শত শত উপদেষ্টা আর কিছু বয়োবৃদ্ধ দিয়ে গুলশান অফিস ভর্তি করলে দেশের কোনো লাভ হবে না। নবীনদের নিতে হবে, যাঁরা সাহস করে দাঁড়াতে পারবেন। স্থায়ী কমিটির সদস্যসংখ্যা বাড়িয়েও লাভ হবে না।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মসিয়ুর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি আয়োজিত এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশে পরিবর্তনের জন্য এর চেয়ে বড় প্রেক্ষাপট আর কখনো তৈরি হয়নি। আজকে খুব ক্রান্তিকালে আমরা উপস্থিত। পঁচাত্তরে ছিল বাকশালি পদ্ধতি আর দুর্নীতি। এখনকার প্রেক্ষাপট হলো গণতন্ত্রের কবর হয়েছে। তার সঙ্গে আজকে স্বৈরাচার আছে, বাকশাল আছে, অত্যাচার আছে, দুর্নীতিও চরম শিখরে। আমি জানি না, আপনারা বিএনপি আর কত সুযোগের জন্য অপেক্ষা করবেন।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বক্তৃতা করেন। এঁদের মধ্যে কেবল মো. শাহজাহান ডা. জাফরুল্লাহর বক্তব্যের রেশ ধরে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা অনেকে বিএনপির সমালোচনা করি। বুদ্ধিজীবীরাও করেন। কিন্তু গ্রামে-গঞ্জে মানুষের মধ্যে বিএনপি নিয়ে তেমন প্রশ্ন নাই। আর কেবল নবীনদের দিয়েই হবে না, প্রবীণদেরও পরামর্শ নিতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পৃথিবীর যেকোনো দেশে হলে এ ঘটনায় ন্যূনতম অর্থমন্ত্রী ও গভর্নর পদত্যাগ করতেন। আর দক্ষিণ কোরিয়া হলে প্রধানমন্ত্রীও পদত্যাগ করতেন।’
মওদুদ আহমদ বলেন, এটা কি কেউ বিশ্বাস করবে যে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সহযোগিতা ছাড়া এই টাকা চুরি হয়েছে? তিনি বলেন, আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এখন পর্যন্ত কোনোটির বিচার হয়নি। এখন তারা থাবা দিয়েছে বাংলাদেশ ব্যাংকে।
মওদুদ বলেন, ‘এখন প্রতিদিন আমরা শিশু হত্যা, সহিংসতার খবর পাই। আজকে তো বিএনপির কঠিন কোনো কর্মসূচি নেই। তারপরও কেন এত অস্থিরতা, কেন এত নৈরাজ্য?’
প্রয়াত রাজনীতিক যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, প্রবীণ রাজনীতিক অলি আহাদ ও সাংবাদিক এনায়েতউল্লাহ খানকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক সাদেক খান, যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও যাদু মিয়ার নাতি জেবেল রহমান, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি আক্তারুজ্জমান প্রমুখ।