শতভাগ ভোট পেলেন আ.লীগের প্রার্থী!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত জহিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী একটি ভোটকেন্দ্রে শতভাগ ভোট পেয়েছেন। ফলে সেখানে বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কোনো ভোট পাননি।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউপিতে নয়টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৯ হাজার ৩৪৬। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আলী আক্কাছ বাদল ৫ হাজার ২৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সেখানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মোর্শেদ ১ হাজার ৫৩৩ ভোট পেয়ে দ্বিতীয় হন।
সূত্র জানায়, ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের নাওভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ৫৮০। সেখানে ভোট পড়েছে ৪৮৯টি। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সব কটি ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের শতভাগই পেয়েছেন তিনি। এখানে বিএনপির প্রার্থী সোলায়মান ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর মোর্শেদের মার্কায় কোনো ভোট পড়েনি।
নাম প্রকাশ না করার শর্তে নাওভাঙা গ্রামের তিন-চারজন বাসিন্দা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই কেন্দ্রে নৌকা মার্কার পক্ষে ভোট জালিয়াতি করেন। এ কারণে অন্য প্রার্থীরা একটি ভোটও পাননি। আওয়ামী লীগের প্রার্থী আলী আক্কাছ বাদলের মুঠোফোন নম্বরে গতকাল দুপুরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁর পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসেন বলেন, ওই ইউনিয়নের সব কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। ভোট জালিয়াতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে ফলাফলের যে শিট দিয়েছেন, সে অনুসারেই ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই প্রার্থীর মার্কায় শতভাগ ভোট পড়ার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারবেন। প্রিসাইডিং কর্মকর্তা ফারুকুল ইসলাম দাবি করেন, তাঁর কেন্দ্রে অনিয়ম বা ভোট জালিয়াতি হয়নি। স্বাভাবিকভাবেই ওই প্রার্থী শতভাগ ভোট পেয়েছেন।