শতভাগ ভোট পেলেন নৌকা প্রার্থী!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল শনিবার অনুষ্ঠিত জহিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী একটি ভোটকেন্দ্রে কাস্টিং (প্রাপ্ত) ভোটের শতভাগ পেয়েছেন। সেখানে বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কোনো ভোট পাননি।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউপিতে নয়টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৯ হাজার ৩৪৬। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আলী আক্কাছ বাদল ৫ হাজার ২৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সেখানে তাঁর ভাগনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মোর্শেদ ১ হাজার ৫৩৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে।
ওই সূত্র জানায়, ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডে নাওভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ৫৮০। সেখানে ভোট পড়ে ৪৮৯টি। আর এর সব কটিই পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।
নাম প্রকাশ না করার শর্তে নাওভাঙা গ্রামের তিন-চারজন বাসিন্দা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই কেন্দ্রে নৌকা মার্কার পক্ষে ভোট জালিয়াতি করেন। এ কারণে অন্য প্রার্থীরা একটি ভোটও পাননি।
আওয়ামী লীগের প্রার্থী আলী আক্কাছ বাদলের মুঠোফোনে আজ দুপুরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসেন বলেন, ওই ইউনিয়নের সব কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। ভোট জালিয়াতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে ফলাফলের যে তালিকা দিয়েছেন, সে অনুসারেই ফলাফল প্রকাশ করা হয়েছে।
ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুকুল ইসলাম দাবি করেন, তাঁর কেন্দ্রে অনিয়ম বা ভোট জালিয়াতি হয়নি। স্বাভাবিকভাবেই ওই প্রার্থী শতভাগ ভোট পেয়েছেন।