চট্টগ্রামে গৃহকর নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি
শনিবার শোভাযাত্রা মেয়র নাছিরের, আজ সমাবেশ মহিউদ্দিনের
হোল্ডিং ট্যাক্স (গৃহকর) নিয়ে বিভ্রান্তি দূর করতে নগরের ৪১টি ওয়ার্ডে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রতি ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার সিটি করপোরেশনের ৮টি স্থায়ী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ১৪ এপ্রিল নগরের স্বাধীনতা পার্কে দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহকর নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করার জন্য সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে। এ জন্য ১৫ এপ্রিল প্রতিটি ওয়ার্ডে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হবে।
এদিকে ‘মৎস্যশিল্প বাঁচাও’ ও ‘পূর্বের নির্ধারিত হারে কর বহাল চাই’ স্লোগানে আজ সোমবার বিকেল তিনটায় লালদীঘির মাঠে জনসভার আয়োজন করেছে সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন। তিনি সমাবেশের মূল আয়োজক বলেও স্বীকার করেছেন। তাঁর এ কর্মসূচি কার্যত সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বলে নগরে আলোচনা চলছে।
সিটি করপোরেশনের গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পয়লা বৈশাখকে স্মরণীয় করে রাখতে স্বাধীনতা পার্কে মিলন মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। এতে সিটি করপোরেশনে কর্মরত সেবক থেকে মেয়র—সবাই পরিবার নিয়ে অংশ নেবেন। অনুষ্ঠানে নিঃস্বার্থ সেবা দেওয়ার জন্য সবাইকে শপথ পাঠ করানো হবে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আন্দরকিল্লার নগর ভবনের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া অন্যান্য ওয়ার্ডেও শোভাযাত্রা হবে।
গত ১৯ মার্চ চট্টগ্রামে এক অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী হোল্ডিং ট্যাক্স না বাড়াতে মেয়রের প্রতি অনুরোধ জানান। পরদিন সিটি করপোরেশনের ২০তম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স (গৃহকর) ধার্য করা নিয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি ও বিশেষ মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।