শনিবার ২২,৯২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রপরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রপরিষদ নির্বাচন। প্রথম আলো ফাইল ছবি
ছাত্রপরিষদ নির্বাচন। প্রথম আলো ফাইল ছবি

আগামী শনিবার দেশের ২২ হাজার ৯২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রপরিষদ নির্বাচন (স্টুডেন্ট কেবিনেট) অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬ হাজার ৩৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ হাজার ৫৪২টি মাদ্রাসা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, সামনে কলেজ পর্যায়েও ছাত্রপরিষদ নির্বাচন করা হবে। তবে সেটি কবে থেকে হবে, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াসহ সাতটি উদ্দেশ্যে নিয়ে এই নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য এই ছাত্রপরিষদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত হয়। এই পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, পানি ব্যবস্থাপনাসহ মোট আট ধরনের কাজ করে।

এই নির্বাচনে ভোটার ও ভোট গ্রহণ সবই করে থাকে শিক্ষার্থীরা।