রাজশাহীতে শপথ অনুষ্ঠানে আসার পথে নগরের বোয়ালিয়া থানা-পুলিশ তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমানকে গতকাল বুধবার দুপুরে আটক করেছে।
এদিকে গতকাল বুধবার রাজশাহী ও নাটোর জেলার ১৮ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ নেন। তাঁদের শপথবাক্য পড়ান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মমিন সরকার বলেন, মিজানুর রহমানকে আটক করা হয়েছে। কী মামলায় কখন আটক করা হয়েছে, জানতে চাইলে তিনি কিছুই বলতে রাজি হননি।
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির প্রথম আলোকে বলেন, মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তিনি যাতে শপথ নিতে না পারেন সে জন্য পথেই তাঁকে আটক করা হয়েছে।
নিজ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকার পরেও মিজানুর রহমান মেয়র নির্বাচনে জয়ী হন। এ পৌরসভায় আওয়ামী লীগের একজন মাত্র প্রার্থী থাকলেও তিনি মিজানুরের কাছে হেরে যান।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাজশাহীর ১৩টি পৌরসভার মধ্যে ১২ জন মেয়র উপস্থিত থেকে শপথ নেন। তাঁরা হলেন—তাহেরপুর পৌরসভার আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জের আবদুল মালেক, দুর্গাপুরের তোফাজ্জল হোসেন, কেশরহাটের শহিদুজ্জামান শহিদ, কাটাখালির আব্বাস আলী, মুণ্ডমালার গোলাম রাব্বানী, গোদাগাড়ীর মনিরুল ইসলাম, কাঁকনহাটের আবদুল মজিদ, আড়ানীর মুক্তার আলী, পুঠিয়ার আসাদুল হক, চারঘাটের জাকিরুল ইসলাম এবং নওহাটা পৌরসভার মকবুল হোসেন। আর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান শপথ অনুষ্ঠানে আসার সময় আটক হন।
অপরদিকে নাটোরের ছয়টি পৌরসভার ছয়জন মেয়র শপথ নিয়েছেন। তাঁরা হলেন—নাটোর পৌরসভার উমা চৌধুরী, সিংড়ার জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গার শফির উদ্দিন মণ্ডল, গুরুদাসপুরের শাহ নেওয়াজ আলী, গোপালপুরের নজরুল ইসলাম এবং বড়াইগ্রাম পৌরসভার আবদুল বারেক সরদার।
এ ছাড়া নাটোরের ৫৮ জন কাউন্সিলরের মধ্যে ৫৭ জন এবং ১৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ নেন।
এর আগে ১৪ জানুয়ারি রাজশাহীতে শপথ নিতে গিয়ে নাশকতার মামলায় আটক হন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি এবং শিবগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মঞ্জিলা খাতুন।