কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়। তৃতীয় ধাপে গত ২৩ এপ্রিল চকরিয়ার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের নির্বাচন গত ৭ মে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হয়।
শপথ নেন হারবাং ইউপির চেয়ারম্যান মিরানুল ইসলাম, বরইতলী ইউপির চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, সুরাজপুর-মানিকপুর ইউপির চেয়ারম্যান আজিমুল হক, কাকারার চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচরের গোলাম মোস্তফা, কৈয়ারবিলের মক্কি ইকবাল হোসেন, সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, ফাঁসিয়াখালীর গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিংগার জসিম উদ্দিন, ডুলাহাজারার নুরুল আমিন, বমুবিলছড়ির আবদুল মতলব ও খুটাখালী ইউপির চেয়ারম্যান আবদুর রহমান। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে ১০৮ জন সাধারণ সদস্য ও ৩৫ জন নারী সদস্য শপথ নেন। ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম।
বমুবিলছড়ি ইউনিয়নের একটি সংরক্ষিত আসনে তিনজন প্রার্থী সমান ভোট পাওয়ায় ওই পদে আবারও নির্বাচন হবে। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আলী হোসেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।