শপথ নিলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) মেয়র হিসেবে শপথ নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করান।
আইভী গত বছরের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। গতকাল গণভবনে তাঁর সঙ্গে আরও শপথ নেন ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলর। তাঁদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের পরিচালনায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুইস প্রেসিডেন্টকে অভিনন্দন
সুইজারল্যান্ডে নবনিযুক্ত প্রেসিডেন্ট ডরিস লিউদার্থকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পাঠানো এক অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, তিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন, তাঁর দায়িত্বের মেয়াদকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতার বন্ধন আরও জোরদার ও সম্প্রসারিত হবে।
ডরিস লিউদার্থ গত ৭ ডিসেম্বর সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাত সদস্যের সুইস ফেডারেল কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর সুইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।