শফিক রেহমানকে নোংরা কৌশলে গ্রেপ্তার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তাকে ‘নোংরা কৌশল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এদিকে যে মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে, গতকাল সোমবার সেই একই মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। ২৫ এপ্রিল রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। মাহমুদুর রহমান প্রায় তিন বছর ধরে জেলে আছেন। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত ৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিন বছর সাজা হয়েছে।

গত শনিবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসভবন থেকে শফিক রেহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৪ আগস্ট পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে আছেন শফিক রেহমান। রোববার থেকে তাঁর এ রিমান্ড শুরু হয়।

শফিক রেহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

‘নোংরা কৌশলে’ গ্রেপ্তার: গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রক্রিয়ার কড়া সমালোচনা করেন। শফিক রেহমানকে ‘নোংরা কৌশলে’ গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁকে গ্রেপ্তার করা হলো সাংবাদিক পরিচয়ে। এটা কি রসিকতা, নাকি অনাচার?’

নজরুল ইসলাম খান বলেন, শফিক রেহমানের অপরাধ একটাই—তিনি সত্য বলেন, যুক্তি দিয়ে লেখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার জন্য কেউ একজন এফবিআই এজেন্টকে যুক্তরাষ্ট্রে ঘুষ দিয়েছেন। সেটা নিয়ে গ্রেপ্তার করা হলো শফিক রেহমানকে।

বিএনপির এই নেতা বলেন, অনেক মামলা ১০ থেকে ২০ বছর ধরে ঝুলে আছে। মামলার তারিখ পড়ে না। কিন্তু দুই-চার-দশ দিন পরপর খালেদা জিয়ার মামলার তারিখ পড়ে। এর উদ্দেশ্য একটাই, যেনতেনভাবে সাজা দেওয়া যায় কি না, খালেদা জিয়াকে নির্বাচনের অযোগ্য করা যায় কি না, সেই চেষ্টা।

অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেছেন, শফিক রেহমানকে সাংবাদিক পরিচয়ে গ্রেপ্তার করা হয়নি। ডিবির জ্যাকেট পরিহিত ব্যক্তিরাই তাঁকে সসম্মানে নিয়ে এসেছেন।

আসকের উদ্বেগ: শফিক রেহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল এক বিবৃতিতে আসক বলেছে, তারা মনে করে, যে প্রক্রিয়ায় শফিক রেহমানকে আটক করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। তাঁর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে তার ভিত্তিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আটক করা সমীচীন হতো।

ন্যাপের নিন্দা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম মোস্তফা ভূঁইয়া গতকাল এক বিবৃতিতে শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান।