শফিক রেহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সাংবাদিক শফিক রেহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সরকার এভাবেই বিরোধী মতকে দমন করতে চায়। আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়া এই অভিযোগ করেন।
আজ রাতে ছাত্রমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রমৈত্রী নেতা জহিরুল ইসলাম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, সরকার একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। ব্যাংক খাতে ডিজিটাল কায়দায় লুট করছে।
তরুণ প্রজন্মকে জেগে ওঠার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন ‘আজকে যারা ইয়াং জেনারেশন আছে, তাদের জেগে উঠতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তারা বসে থাকলে নিজেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় আজ শনিবার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।