শফিক রেহমানের মুক্তির দাবি মির্জা ফখরুলের

সাংবাদিক শফিক রেহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁও পৌরসভার গোয়ালপাড়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আজ সকাল আটটার দিকে শফিক রেহমানকে গোয়েন্দা পুলিশের লোকজন সাদা পোশাকে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত। এ ঘটনা থেকে এটাই প্রমাণিত যে, এ দেশে কথা বলার স্বাধীনতা নেই, লেখার স্বাধীনতা নেই। শফিক রেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, তাঁর বিরুদ্ধে কোনো মামলাও নেই। তাঁকে এভাবে সাদা পোশাকের পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়ায় প্রমাণ হয় যে, এ দেশে গণতন্ত্র নেই।
অবিলম্বে তাঁকে মুক্ত করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুর করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরের সেনুয়াপাড়া পুরাতন গোরস্থানে বাবা মির্জা রুহুল আমীনের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব হওয়ার পর মির্জা ফখরুল প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। এর আগে শুক্রবার তাঁকে গণসংবর্ধনা দেয় ঠাকুরগাঁও জেলা বিএনপি। আজ বিকেল ৩টায় তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছেড়ে যাবেন।