শফিক রেহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার: ফখরুল
‘সম্পূর্ণ অন্যায়ভাবে’ ও ‘কিছুটা প্রতারণার মাধ্যমে’ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে শফিক রেহমানকে গ্রেপ্তার করে বৃদ্ধ বয়সে রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। শফিক রেহমানের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই সমাবেশ করে।
বিএনপির মহাসচিব বলেন, শফিক রেহমানের গ্রেপ্তার গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। যাঁরা শফিক রেহমানের রাজনৈতিক চিন্তার সঙ্গে একমত নন, তাঁরাও আজ সোচ্চার হয়ে উঠেছেন। তাঁরাও বলছেন, এভাবে গ্রেপ্তার করাটা সমীচীন হয়নি। কারণ, এই মানুষটি সারা জীবন ধরে সত্য, সুন্দর ও ভালোবাসার কথা বলে এসেছেন। আধুনিক চিন্তাভাবনা নিয়ে সমৃদ্ধময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন।
মির্জা ফখরুল বলেন, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে যখন ৮৩টি মিথ্যা মামলা দেওয়া হয়, তখন সংবাদপত্রসেবিরা বুঝতে পেরেছেন যে এই সরকার মূলত ভিন্নমত পোষণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, যখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যাওয়া হয়, তখন অনেকে চুপ থাকেন। যখন মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তখন কেউ কেউ কথা বলেন। কিন্তু এখন কথা বলার সুযোগটুকুও চলে গেছে।
প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের সব মামলা প্রত্যাহার করে খালেদা জিয়ার মামলাগুলো সচল রাখার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই সরকারের একজন মন্ত্রী অভিযুক্ত। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাঁর সাজা বহাল রেখেছেন। অথচ তিনি এখনো মন্ত্রিত্ব করছেন। অপর দুই মন্ত্রীকে সর্বোচ্চ আদালত সাজা ও জরিমানা করেছেন, তাঁরাও বহাল তবিয়তে আছেন। এই সরকারের একমাত্র লক্ষ্য, যেভাবেই হোক, ক্ষমতায় টিকে থাকতে হবে।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
মাছিও মারতে পারেন না তিনি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেছেন, শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না, অথচ তাঁর বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ এনে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আরেক সাংবাদিক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন দেশে খুন-গুম, হত্যা হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না। অথচ প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার কারণে তাঁর হত্যার আশঙ্কার কথা শুনেই দুই সাংবাদিককে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে ‘গণতন্ত্র ফিরিয়ে দাও-এম ইলিয়াস আলীর সন্ধান দাও-প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, শওকত মাহমুদ, অধ্যাপক আবদুল মান্নানের মুক্তি দাও’ শীর্ষক এক মানববন্ধনে শামসুজ্জামান এ কথা বলেন।