শফিক রেহমানের জন্য কনস্যুলার সুবিধা চায় যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী সাংবাদিক শফিক রেহমানের জন্য কনস্যুলার সুবিধা চেয়েছে যুক্তরাজ্য। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে লেখা চিঠিতে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সয়ার, যাতে যুক্তরাজ্যের এখানকার হাইকমিশনের কর্মকর্তারা কারাবন্দী শফিক রেহমানের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়ে কথা বলতে পারেন।
ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন।
জানতে চাইলে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের একজন মুখপাত্র গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা শফিক রেহমানের পরিবারকে সহযোগিতা করে যাচ্ছি। তাঁর জন্য আমরা কনস্যুলার সুবিধা চেয়েছি। এখনো তা না পাওয়ায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় আমরা বিষয়টি তুলেছি।’
লন্ডনের একটি কূটনৈতিক সূত্র জানায়, হুগো সয়ার তাঁর দেশের নাগরিক শফিক রেহমানের জন্য কনস্যুলার সুবিধা দিতে সম্প্রতি বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছেন। মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে প্রবীণ এই সাংবাদিকের জন্য এই সুবিধা চেয়েছে যুক্তরাজ্য। তবে ঢাকার কর্মকর্তারা বলছেন, সাধারণত দ্বৈত নাগরিকত্ব ভোগ করছেন এমন কোনো নাগরিকের ক্ষেত্রে কনস্যুলার সুবিধা দেওয়া হয় না।
প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গত ১৬ এপ্রিল তাঁর বাসা থেকে আটক করা হয়। পরে তাঁকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।