শফিক রেহমানের বাসায় এফবিআইয়ের গোপন নথি: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইয়ের গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল।’ গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় এসব কথা বলেন।
জয় বলেন, ‘শফিক রেহমান স্বীকার করেছেন যে প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন, যাঁরা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ ও খুনের পরিকল্পনার দায়ে ইতিমধ্যে অভিযুক্ত, সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সঙ্গেও তাঁর কয়েকটি মিটিং হয়েছে। এ ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় গত শনিবার রাজধানীর নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শফিক রেহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেনে তাঁর বাসায় তল্লাশি চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।